মোহাম্মদপুরে অস্ত্রসহ জাকির গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মোহাম্মদপুরে অস্ত্রসহ জাকির গ্রুপের ৪ সদস্য গ্রেপ্তার
বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জাকির গ্রুপের চার সদস্য গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে জাকির গ্রুপের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার চাকু, একটি কাটার ও দুটি সামুরাই উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৫ নভেম্বর) রাত ৩টা ৫০ মিনিটের দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জাকিরসহ চারজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা চালায় তারা। পরে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি বলেন, জাকিরের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। তিনি একজন চিহ্নিত ছিনতাইকারী ও ইয়াবা কারবারি হিসেবে পরিচিত। তার গ্রুপের সদস্যরা বসিলা গার্ডেন সিটি, মোহাম্মদপুরের লাউতলা ও চাঁদ উদ্যান এলাকায় ছিনতাই করে বেড়াত।

/এসবি/