শিরোনাম

অধিনায়ককে ছাড়াই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কানাডা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
সিটিজেন স্পোর্টস ডেস্ক
অধিনায়ককে ছাড়াই নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে কানাডা
কানাডার তারকা ফুটবলার আলফোনসো ডেভিস।

ঘরের মাঠে প্রথমবার বিশ্বকাপের ম্যাচ আয়োজনের গৌরব নিয়ে আজ রাতে মাঠের লড়াইয়ে নামছে উত্তর আমেরিকার দেশ কানাডা। 'বি' গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রাত ১টায় বসনিয়া ও হার্জেগোভিনার মুখোমুখি হবে স্বাগতিকরা।

কাতার ও সুইজারল্যান্ডের মতো দল থাকা এই গ্রুপ থেকে এবার ঘরের মাঠের ফায়দা তুলে স্মরণীয় এক আসর উপহার দিতে চায় 'লে রুজ'রা। টরন্টো ও ভ্যাঙ্কুভারে টুর্নামেন্টের ১৩টি ম্যাচ আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো নিজেদের মাটিতে বৈশ্বিক এ মহোৎসবে অংশ নেওয়ার অনন্য মাইলফলক স্পর্শ করছে দলটি।

তবে ঐতিহাসিক এ যাত্রার শুরুতেই বড় ধাক্কা খেয়েছে স্বাগতিক শিবির। চোটের কারণে প্রথম ম্যাচ থেকেই ছিটকে গেছেন দলটির প্রধান তারকা ও অধিনায়ক আলফোনসো ডেভিস। অধিনায়ককে হারালেও জোনাথন ডেভিড ও কাইল লেরিনের মতো প্রতিভাবান ফুটবলারদের নিয়ে গড়া বর্তমান দলটিকে দেশটির ইতিহাসের অন্যতম সেরা সোনালী প্রজন্ম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাদের ওপর ভর করেই বিশ্বকাপে নিজেদের প্রথম জয় এবং প্রথমবারের মতো নকআউট পর্বে ওঠার স্বপ্ন দেখছে কানাডিয়ানরা।

বিশ্বমঞ্চে কানাডার অতীত রেকর্ড অবশ্য একেবারেই সুখকর নয়। এর আগে ১৯৮৬ ও ২০২২ সালের বিশ্বকাপে অংশ নিলেও ছয় ম্যাচের সবকটিতেই হেরে মাঠ ছাড়তে হয়েছিল তাদের। কোনো জয় বা ড্রয়ের দেখা মেলেনি। তবে কাতার বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে আলফোনসো ডেভিসের করা গোলটিই ছিল বিশ্বমঞ্চে দেশটির ইতিহাসের প্রথম গোল। এবার যৌথ আয়োজক হিসেবে ঘরের মাঠে খেলার অভাবনীয় সুযোগ কাজে লাগিয়ে হারের সেই বৃত্ত ভাঙতে এবং প্রথম জয়ের অধরা অপেক্ষা ঘোচাতে মরিয়া হয়েই মাঠে নামবে কানাডা।

/এমএকে/