শিরোনাম

মেসির সঙ্গে তর্ক নিয়ে মুখ খুললেন বেলিংহাম

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির সঙ্গে তর্ক নিয়ে মুখ খুললেন বেলিংহাম
ম্যাচে লিওনেল মেসির মঙ্গে তর্কে জড়ান ও জুড বেলিংহাম

বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। তবে শ্বাসরুদ্ধকর ম্যাচের ফল ছাপিয়ে ফুটবলপ্রেমীদের মাঝে বড় আলোচনা তৈরি করেছে মাঠের মাঝে লিওনেল মেসি ও জুড বেলিংহামের মধ্যকার উত্তপ্ত বাক্যবিনিময়। বিশ্বজুড়ে এ ঘটনা নিয়ে নানামুখী গুঞ্জন চললেও ম্যাচ শেষে বিষয়টি একেবারেই সাধারণ ফাউল নিয়ে একটি স্বাভাবিক আলোচনা ছিল বলে দাবি করেছেন ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গ্লোবো এস্পোর্তের এক প্রতিবেদনে জানা গেছে, ম্যাচের একটি ফাউলকে কেন্দ্র করে মেসি ও বেলিংহামের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়, যা ভিডিওতে স্পষ্ট ফুটে ওঠে। তবে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় বেলিংহাম এ ঘটনাটিকে ‘অতিরঞ্জিত’ বা বড় করে না দেখার আহ্বান জানান। তিনি স্পষ্ট করেন, সেখানে অনাকাঙ্ক্ষিত কিছুই ঘটেনি, বরং মাঠের উত্তেজনায় একটি ফাউল নিয়ে দুজনের মধ্যে সাধারণ কিছু কথা হয়েছিল মাত্র।

মেসির সঙ্গে ঠিক কী কথা হয়েছিল, তা খোলাসা করে বেলিংহাম বলেন, মাঠে আমাদের ওপর হওয়া একটি ফাউল নিয়ে আমি কথা বলছিলাম। তখন মেসি এসে পালটা প্রশ্ন করেন, তার ওপর হওয়া ফাউলটির কী হবে। জবাবে রসিকতা করে আমি বলেছিলাম, আপনি তো যথেষ্ট শক্তিশালী, এইটুকু সামলে নেওয়ার সামর্থ্য আপনার আছে। ব্যাস, বিষয়টি আসলে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল।

এই সংক্ষিপ্ত বাক্যবিনিময়কে ঘিরে ভক্ত ও সংবাদমাধ্যমে কোনো ব্যক্তিগত বৈরিতা বা তিক্ততার সুযোগ নেই বলে জানান এ ইংলিশ তারকা। পরাজয়ের তীব্র ক্ষত বুকে নিয়েও আর্জেন্টিনা অধিনায়কের প্রতি নিজের গভীর শ্রদ্ধার কথা জানাতে ভোলেননি তিনি। বেলিংহাম যোগ করেন, বিদায় নেওয়ার কষ্টটা নিঃসন্দেহে বিশাল। তবে মাঠের লড়াইয়ে লিওনেল মেসির মতো একজন জীবন্ত কিংবদন্তির মুখোমুখি হতে পারাটাও ক্যারিয়ারের অন্যতম বড় এক সৌভাগ্যের ব্যাপার।

/এমএকে/