শিরোনাম

কেইনের ১০ মিনিটের আক্ষেপ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
কেইনের ১০ মিনিটের আক্ষেপ
আর্জেন্টিনার বিপক্ষে হারের পর বিষন্ন হ্যারি কেইন। ছবি: দ্য গার্ডিয়ান

বিশ্বকাপের ফাইনাল যখন দৃষ্টিসীমানায়, ঠিক তখনই ইংল্যান্ডের হৃদয় ভেঙে মহানাটকীয় এক জয় তুলে নিলো আর্জেন্টিনা। আটলান্টায় বুধবার (১৫ জুলাই) অনুষ্ঠিত টুর্নামেন্টের হাইভোল্টেজ সেমিফাইনালে থ্রি লায়ন্সদের ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পা রাখলো লিওনেল স্কালোনির দল। অথচ ম্যাচের সিংহভাগ সময় লিড ধরে রেখে ১৯৬৬ সালের পর প্রথমবার ফাইনালে ওঠার স্বপ্ন বুনছিল ইংলিশরা। কিন্তু শেষ মুহূর্তের জোড়া আঘাতে তাদের সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটায় আলবিসেলেস্তেরা।

ম্যাচের ৫৫তম মিনিটে অ্যান্থনি গর্ডনের চমৎকার গোলে এগিয়ে গিয়ে জয়ের সুবাস পাচ্ছিল ইংল্যান্ড। কিন্তু শেষ ১০-১৫ মিনিটে পাশার দান পুরোপুরি উল্টে দেয় আর্জেন্টিনা। প্রথমে এনজো ফার্নান্দেজের দূরপাল্লার এক দুর্দান্ত শটে সমতায় ফেরে তারা। এরপর যোগ করা সময়ে লাউতারো মার্তিনেজের জয়সূচক গোল ইংরেজ শিবিরে চরম হতাশা ও আক্ষেপ নিয়ে আসে।

এমন নাটকীয় ও হৃদয়বিদারক হার মেনে নিতে পারছেন না ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন। অলিম্পিকস ডটকমকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, ফাইনাল থেকে মাত্র ১০-১৫ মিনিট দূরে থাকা অবস্থায় এভাবে ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়াটা মেনে নেওয়া অত্যন্ত কঠিন এবং দলের সবাই এতে পুরোপুরি ভেঙে পড়েছেন। কেইনের মতে, প্রথম ৬০ মিনিট তারা দারুণ খেলে লিড পাওয়ার যোগ্য হলেও, পরবর্তীতে বলের দখল হারানো এবং প্রতিপক্ষের ওপর চাপ বজায় রাখতে না পারাই আর্জেন্টিনার গতি বাড়িয়ে দেয় এবং তারা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

দলের অভিজ্ঞ ডিফেন্ডার ড্যান বার্নও সুর মিলিয়েছেন অধিনায়কের সঙ্গে। তিনি স্বীকার করেন, গোল করার পর দল কিছুটা রক্ষণাত্মক ও প্যাসিভ হয়ে পড়েছিল, যার পুরো ফায়দা তুলেছে আর্জেন্টিনা। আগের ম্যাচগুলোর মতো রক্ষণ সামলাতে না পারা এবং প্রতিপক্ষকে অতিরিক্ত ক্রস ও সুযোগ দেওয়াই তাদের ছিটকে দিয়েছে। অন্যদিকে, রোমাঞ্চকর এ জয়ে শিরোপার মঞ্চে ওঠা আর্জেন্টিনা রবিবার (১৯ জুলাই) নিউ জার্সিতে মেগা ফাইনালে স্পেনের মুখোমুখি হবে।

/এমএকে/