শিরোনাম

ম্যাচ শেষে কান্নার কারণ জানালেন নেইমার

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ম্যাচ শেষে কান্নার কারণ জানালেন নেইমার
স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শেষ হতেই কান্নায় ভেঙে পড়েন নেইমার

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ব্রাজিলের জার্সি গায়ে মাঠে ফিরলেন নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটি শেষ হতেই আর নিজের আবেগ ধরে রাখতে পারেননি এই তারকা ফরোয়ার্ড, মাঠেই ভেঙে পড়েন কান্নায়। মাঠের সেই অশ্রুধারা পরবর্তীতে ড্রেসিংরুমের একান্ত মুহূর্ত পর্যন্ত স্থায়ী হয়েছিল, যা দীর্ঘ প্রায় তিন বছরের অপেক্ষার অবসান ও এক চরম স্বস্তির বহিঃপ্রকাশ।

বুধবার (২৪ জুন) তারিখটিকে নিজের ক্যারিয়ারের অন্যতম বিশেষ ও গুরুত্বপূর্ণ দিন হিসেবে আখ্যায়িত করেছেন নেইমার। ম্যাচ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি জানান, সেলেসাওদের জার্সি গায়ে জড়ানো প্রতিটি ছেলের স্বপ্ন। দীর্ঘ সময় এ জার্সি পরে খেলার পর চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকতে হয়েছে। এ সময়টাতে জাতীয় দলকে ভীষণভাবে মিস করেছেন এবং ফিরে আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। প্রায় তিন বছর পর এ প্রত্যাবর্তন তাকে অত্যন্ত সুখী, আনন্দিত ও আবেগাপ্লুত করে তুলেছে।

দলের সঙ্গে থাকলেও প্রথম দুই ম্যাচে মাঠে নামার সুযোগ পাননি নেইমার। মাঠে নামার তীব্র তাড়না থেকে ড্রেসিংরুমে একা বসেও কেঁদেছিলেন তিনি। সে সময় সতীর্থরা এগিয়ে এসে তাকে সাহস ও প্রেরণা জুগিয়েছিলেন। ড্রেসিংরুমের সেই একাকী কান্নার কথা স্মরণ করে নেইমার বলেন, অনুভূতিগুলো পুনরায় ফিরে পাওয়া ছিল এক বিশাল স্বস্তি। জাতীয় দলের হয়ে খেলা, বিশ্বকাপে অংশ নেওয়া এবং একদিন বিশ্বকাপ জেতার স্বপ্ন তিনি সবসময়ই বুনে আসছেন। এ পুরো যাত্রায় পাশে থাকা পরিবার ও তাকে উৎসাহ দেওয়া প্রতিটি ব্রাজিলিয়ান সমর্থককে কৃতজ্ঞতা জানান এই তারকা।

মাঠে ফিরতে পেরে উচ্ছ্বসিত নেইমার যোগ করেন, মাঠই তার সবচেয়ে প্রিয় জায়গা এবং এখানেই তিনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সামনের কঠিন ম্যাচগুলোর বিষয়ে সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ফুটবলে ছোট ছোট বিষয়ও ভীষণ গুরুত্বপূর্ণ। এখানে ভুল করার কোনো সুযোগ নেই। যে দল কম ভুল করবে, তারাই এগিয়ে যাবে। তবে সামনের যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে তারা পুরোপুরি প্রস্তুত।

/এমএকে/