শিরোনাম

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মেরে জরিমানা মেসির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে চড় মেরে জরিমানা মেসির
আচরণবিধি ভঙ্গে জরিমানা দিতে হলো মেসিকে

মেজর লিগ সকারে আচরণবিধি ভঙ্গের জন্য লিওনেল মেসিকে আর্থিক জরিমানা করেছে লিগের ডিসিপ্লিনারি কমিটি। জরিমানা অঙ্ক অবশ্য প্রকাশ করা হয়নি। ফিলাডেলফিয়া ইউনিয়নের বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কুইন সুলিভানের মাথার পেছন দিকে চড় মেরে এই শাস্তি পেয়েছেন মেসি।

গত বুধবার ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের শেষ সময়ে মায়ামির ইয়ান ফ্রে, ইয়ানিক ব্রাইট, ফিলাডেলফিয়ার কুইন সলিভান ও তার ছোট ভাই কাভান সুলিভানসহ আরও বেশ কয়েকজন সতীর্থ জড়িয়ে পড়েছিলেন হাতাহাতিতে।

ওই ঘটনায় ব্রাইট ও কাভান সুলিভানকে লাল কার্ড দেখানো হয়। এর দুই মিনিট আগে কুইন সুলিভানের সঙ্গে মেসির সেই ঘটনা। মাঝমাঠের কাছে থাকা মেসি বলের দিকে মনোযোগ না দিয়ে হাত উঁচিয়ে ক্ষিপ্ত হয়ে কিছু বলছিলেন সুলিভানকে এবং হুট করে বাম হাত তুলে আলতো করে তার মাথায় চাপড় মারেন।

ক্ষুব্ধ সুলিভান তেড়ে আসেন এবং দুই ফুটবলার পরস্পরের কপালে কপাল ঠেকিয়ে চোখাচোখি করতে থাকেন। রেফারি এসে তাদেরকে আলাদা করেন।

কাভান ও কুইন সুলিভানের নানি যুক্তরাষ্ট্রপ্রবাসি বাংলাদেশি সুলতানা আলম। সুলিভানদের অন্য দুই ভাই রোনান ও ডেক্লান সুলিভান জাতীয় দলে খেলতে চান বাংলাদেশের হয়ে। গত সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে বাংলাদেশের হয়ে দারুণ পারফরম্যান্স করে নজর কাড়েন রোনান সুলিভান।

মেজর লিগ সকারে এই নিয়ে দ্বিতীয়বার আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন মেসি। গত বছর নিউ ইয়র্ক সিটি এফসির বিপক্ষে ম্যাচের পর প্রতিপক্ষের সহকারী কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে এক পর্যায়ে তার গলা চেপে ধরেছিলেন। পরে রেফারিকেও শাসাতে দেখা গিয়েছিল।

এবার শাস্তির তালিকায় মেসি একাই নন। জরিমানা করা হয়েছে তার সতীর্থ ফ্রে-কেও। তবে সুখবর পেয়েছেন কাভান সুলিভান। তার লাল কার্ড তুলে নেওয়া হয়েছে।

/টিই/