মেসির বিদায়ী ম্যাচে গ্যালারিতে থাকবেন ডি মারিয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির বিদায়ী ম্যাচে গ্যালারিতে থাকবেন ডি মারিয়া
লিওনেল মেসি ও ডি মারিয়া

গেল আগস্ট মাসে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন লিওনেল মেসি। তবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অনুরোধে একটি বিদায়ী ম্যাচ খেলতে রাজি হয়েছেন এলএমটেন। সেই ম্যাচটি শেষেই আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে যাবে। ঘরের মাঠে মেসির বিদায়ী ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধু অ্যাঞ্জেল ডি মারিয়া।

আগামী ৬ অক্টোবর মনুমেন্তালে স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি হতে যাচ্ছে মেসির বিদায়ী ম্যাচ। আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে মুখিয়ে আছেন ডি মারিয়া। রোজারিও সেন্ট্রালের হয়ে ক্লাউসুরা টুর্নামেন্টে আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর মিক্সড জোনে কথা বলতে গিয়ে নিজের পরিকল্পনার কথা জানান সাবেক আর্জেন্টাইন উইঙ্গার।

ডি মারিয়া বলেন, ‘আমাকে তো (মেসির খেলা দেখতে) স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমাকে যেতে হবে, দেখতে হবে। আমরা ৫ তারিখে বানফিল্ডের বিপক্ষে খেলবো। তাই সম্ভবত সেখানেই থাকবো। আমার পথেই পড়বে, আমি সেখানে থাকবো।’

আর্জেন্টিনার আক্রমণভাগে মেসিকে পাশে পাওয়া, তার নেতৃত্বে খেলা, সবকিছুর পর হঠাৎ তাকে ছাড়া জাতীয় দল কল্পনা করা কঠিন বলে মনে করেন ডি মারিয়া, ‘কঠিন হবে, তাই না? এত বছর পর লিওকে ছাড়া একটি দল থাকা…আর্জেন্টিনা, আর্জেন্টাইনদের এবং পুরো বিশ্বের জন্য সে যা করেছে, সবকিছুর পর। আমরা শেষ দিনটা উপভোগ করবো।’

/টিই/