রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩ কর্মী আটক

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
রাজধানীতে মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৩ কর্মী আটক
ব্যানারসহ গ্রেপ্তার আওয়ামী লীগের ৩ কর্মী

রাজধানীর তুরাগে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানাধীন প্রত্যাশা ব্রিজসংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- কামরুল ইসলাম (২১), হযরত আলী (২০) ও মিতুল হাসান (১৯)। তারা রাজধানীর তুরাগ ও আশপাশের এলাকার বাসিন্দা।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তুরাগ থানা পুলিশের একটি দল প্রত্যাশা ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সেখানে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিলের উদ্দেশে জড়ো হচ্ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, তুরাগ থানা আওয়ামী লীগের অর্থবিষয়ক সম্পাদক মো. নূর হোসেন এবং হরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি মো. কফিল উদ্দিন মেম্বারের নেতৃত্বে এই ঝটিকা মিছিলের প্রস্তুতি নেওয়া হচ্ছিল।

অভিযানে ঘটনাস্থল থেকে বিভিন্ন উস্কানিমূলক লেখা সংবলিত আওয়ামী লীগের একটি ব্যানার জব্দ করা হয়।

এ বিষয়ে তুরাগ থানার ওসি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৩ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় উস্কানিমূলক লেখা সংবলিত একটি ব্যানারও জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

/জেএইচ/