শিরোনাম

গ্রুপসেরা হলো সুইজারল্যান্ড, প্রথমবার নকআউটে কানাডা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গ্রুপসেরা হলো সুইজারল্যান্ড, প্রথমবার নকআউটে কানাডা
গোলের পর সুইজারল্যান্ড খেলোয়াড়দের উল্লাস

ভ্যাঙ্কুভারে কানাড-সুইজারল্যান্ড ম্যাচটি ছিল মূলত গ্রুপসেরা হওয়ার লড়াই। প্রথমার্ধে খেলায় কোনো গোল হয়নি। তবে বিরতি থেকে ফেরার পর বদলে যায় ম্যাচের দৃশ্যপট। শেষ পর্যন্ত অবশ্য সুইসরাই ২-১ গোলের জয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে।

‘বি’ গ্রুপে ৩ ম্যাচ শেষে দুটি জয়, এক ড্র নিয়ে ৭ পয়েন্টে শীর্ষে সুইজারল্যান্ড। ৪ পয়েন্টে দ্বিতীয় হয়ে নকআউটে গেছে কানাডা। বিশ্বকাপে প্রথমবার নকআউট পর্বে উঠলো তারা। সমান ৪ পয়েন্ট বসনিয়ারও। গ্রুপের শেষ ম্যাচে তারা ৩-১ ব্যবধানে হারিয়েছে কাতারকে। তবে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে তারা।

এবারের আসরে সেরা তৃতীয় দল হয়েও নকআউট পর্বে যাওয়ার সুযোগ আছে। তাই বসনিয়ারও ভালো সুযোগ থাকছে পরের পর্বে যাওয়ার।

ভ্যাঙ্কুভারে দ্বিতীয়ার্ধ শুরুর ৬০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে কানাডার বিপক্ষে লিড নেয় সুইজারল্যান্ড। দারুণ এক আক্রমণে গোলটি করেন রুবেন ভারগাস। ৫৭ মিনিট ব্যবধান বাড়ান ইয়োহান মানজাম্বি। ৭৬ মিনিটে কানাডার হয়ে প্রমিজ ডেভিড গোল করলে জমে ওঠে ম্যাচ। তবে ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা।

এদিকে সিয়টলে কাতারের বিপক্ষে ম্যাচের ২৯ মিনিটে লিড নেয় বসনিয়া। গোলটি করেন কেরিম আলাইবেগোভিচ। ৩৪ মিনিটে দ্বিতীয় গোলটি ছিল আত্মঘাতী। ৪২ মিনিটে এক গোল শোধ করে কাতার। গোলটি করেন হাসান আল-হেইদোস।

২-১ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় দুই দল। ৮০ মিনিটে তৃতীয়বার কাতারের জালে বল জড়ায় বসনিয়া। তৃতীয় গোলটি করেন এরমিন মাহমিচ। এই জয়ে তিন পয়েন্ট পেয়ে নকআউটের দাবি জানিয়ে রাখলো বসনিয়া অ্যান্ড হার্জেগভিনা।

/টিই/