শিরোনাম

অনুশীলনে ফিরেছেন নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অনুশীলনে ফিরেছেন নেইমার, ব্রাজিল শিবিরে স্বস্তি
যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর প্রথমবারের মতো অনুশীলনে নেইমার। ছবি: ইএসপিএন

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ড্র করে ধাক্কা খাওয়া ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তি ফিরেছে। চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। তবে সেলেসাও ভক্তদের জন্য এখনই খুশি হওয়ার সুযোগ নেই। কারণ চোট কাটিয়ে মাঠে বল পায়ে নিলেও দলের এ তারকা এখনও ম্যাচ ফিটনেস থেকে বেশ দূরে রয়েছেন।

নিউইয়র্কের বাইরে দলের বেস ক্যাম্পে মঙ্গলবার (১৬ জুন) প্রথমবারের মতো হালকা রানিং ও ফিজিক্যাল কন্ডিশনিংয়ে অংশ নিতে দেখা গেছে নেইমারকে। এর আগে ১৭ মে ব্রাজিলের ক্লাব সান্তোসের হয়ে খেলার সময় ডান পায়ের কাফে চোট পান তিনি। সেই ইনজুরি নিয়েই কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে যোগ দিয়েছিলেন এ তারকা। সোমবার (১৫ জুন) তার চোটের সর্বশেষ অবস্থা বুঝতে বেশ কিছু মেডিকেল টেস্ট ও স্ক্যান করানো হয়। এর পরদিন মাঠে ফিরলেও দলের মূল স্কোয়াডের সাথে কোনো পূর্ণাঙ্গ অনুশীলন সেশনে অংশ নেননি তিনি।

বাংলাদেশ সময় শনিবার (২০ জুন) ভোর সাড়ে ৬টায় ফিলাডেলফিয়াতে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর পর টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ব্রাজিলের। তবে মেডিকেল টিমের পরামর্শ মেনে নেইমারকে নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো বা ঝুঁকি নিতে নারাজ কোচ আনচেলত্তি। ফলে হাইতির বিপক্ষে ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে।

/এমএকে/