৯ গোল হজম ও নাইটক্লাব কাণ্ড: বাফুফের সভাও স্থগিত

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
৯ গোল হজম ও নাইটক্লাব কাণ্ড: বাফুফের সভাও স্থগিত
বাংলাদেশ ফুটবল ফেডারেশন লোগো

ফিফা আসিয়ান কাপে গ্রুপ পর্বে ইন্দোনেয়ার বিপক্ষে ৯ গোল হজম করে বাংলাদেশ। এ নিয়ে ফুটবলাঙ্গনে চলছে সমালোচনা। ওই হারের দিনই বাংলাদেশের দুই ফুটবলারের নাইটক্লাবে যাওয়ার ছবি ভাইরায় হয়। ৮ অক্টোবর বাফুফের জাতীয় দল কমিটির সভা হওয়ার কথা ছিল। তবে সেটি স্থগিত করা হয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল নিজেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান। হোয়াটসঅ্যাপ গ্রুপে ফেডারেশনের এক্সিকিউটিভের বার্তা আসে, ‘পরবর্তী তারিখ না জানানো পর্যন্ত আগামীকালের (৮ অক্টোবর) সভা অনিবার্য কারণে স্থগিত।’

আসিয়ান কাপে খারাপ পারফরম্যান্সের কারণে ফেডারেশনের জাতীয় দল কমিটির জরুরি সভা দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা। সেখানে এক সপ্তাহ পেরিয়ে গেলেও নির্ধারিত সভা স্থগিত হয়েছে।

জাতীয় দল কমিটির সভায় আসিয়ান কাপের খেলোয়াড়-কোচের পারফরম্যান্স বিশ্লেষণের পাশাপাশি কর্মকর্তাদের দায়িত্ব নিয়ে কথা হবে। ইন্দোনেশিয়ায় থাকা তিন কর্মকর্তা (ম্যানেজার বাবু, দলনেতা ইকবাল ও কো-অর্ডিনেটর আমের খান) আবার জাতীয় দল কমিটিরও সদস্য। ফলে সভায় খানিকটা উত্তপ্ততাও ছড়ানোর আভাস রয়েছে।

জাতীয় দল কমিটির সভা স্থগিত হলেও ১১ অক্টোবর বাফুফের নির্বাহী কমিটির মিটিংয়ের সূচি এখনও বহাল রয়েছে।

/টিই/