শিরোনাম

বাংলাদেশের র‌্যাংকিং ১৬০ এর নিচে আনতে চান ডুলি

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের র‌্যাংকিং ১৬০ এর নিচে আনতে চান ডুলি
বাংলাদেশের কোচ থমাস ডুলি। ছবি: সিটিজেন জার্নাল

শুক্রবার (২২ মে) ঢাকায় পা রাখেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) ‘কুল-বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে সবার সামনে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

বিএসপিএর অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই ডুলি শোনালেন বাংলাদেশের ফুটবল নিয়ে তার লক্ষ্যের কথা। বললেন, ফিফা র‍্যাঙ্কিংয়ে দেশের ফুটবলকে সম্মানজনক অবস্থানে নিয়ে যেতে চান তিনি। ১৯৯৮ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেওয়া ডুলি বলেন, ‘আমার লক্ষ্য হলো র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশকে ১৬০ বা ১৫০ এর মধ্যে নিয়ে আসা।’

১৮১ র‍্যাঙ্কিং থেকে দ্রুতই যে উন্নতি করা যাবে না, সেটাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ‘লক্ষ্য বাস্তবসম্মত হতে হবে। ১৬০ এর নিচে আসা অবশ্যই বাস্তবসম্মত, তবে আগামীকালই নয়, হয়তো এক বছরের মধ্যে আমরা তা অর্জন করতে পারবো।’

বাংলাদেশের সমর্থকদের আবেগ নিয়ে প্রশ্ন উঠতে হাস্যরসের সুরে ডুলি বলেন, ‘এখানে হয়তো এক মিলিয়ন (দশ লাখ) কোচ ঘরের বাইরেই ঘোরাঘুরি করছে! তারা সবাই ফুটবলটা বোঝে এবং সেটা ভালো কথা। এটা খুবই গুরুত্বপূর্ণ!’

দলের খেলার ধরন নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন এই কোচ। ডুলি বলেন, ‘আমি ফুটবল খেলতে পছন্দ করি, ফুটবলের পেছনে দৌড়াতে না।’ অর্থাৎ শুধু রক্ষণাত্মক নয় নিয়ন্ত্রিত ফুটবল খেলাতে চান তিনি।

৪৫ বছর ধরে ফুটবলের সঙ্গে থাকা ডুলির এশিয়াতে কাজ করার অভিজ্ঞতা আছে। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফিলিপাইন ফুটবল দলের প্রধান কোচ ছিলেন। তার কোচিংয়ে ফিলিপাইন অপরাজিত থেকে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেয়। নিজেদের ইতিহাসের সর্বোচ্চ র‍্যাঙ্কিংও অর্জন করে। বাংলাদেশকে কেমন সাফল্য এনে দিতে পারেন ডুলি সেটি দেখার।

/টিই/