শিরোনাম

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

সিটিজেন স্পোর্টস ডেস্ক
হামজাদের নতুন কোচ থমাস ডুলি
বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি। ছবি: সিটিজেন গ্রাফিক্স

বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জার্মান বংশোদ্ভূত মার্কিন নাগরিক থমাস ডুলি। শুক্রবার (২২ মে) সকালে ঢাকায় পৌঁছেছেন ৬৫ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ। সবকিছু ঠিক থাকলে রবিবার থেকেই ক্যাম্পে যোগ দেবেন তিনি।

জার্মানিতে জন্ম হলেও যুক্তরাষ্ট্রের হয়ে খেলেছেন ডুলি। ১৯৯৪ বিশ্বকাপে স্বাগতিক যুক্তরাষ্ট্রের হয়ে সবগুলো ম্যাচ খেলেছেন তিনি। ১৯৯৮ সালে দলের নেতৃত্বও দেন তিনি। আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮১ ম্যাচ খেলে মোট ৭ গোল করেছেন ডুলি।

ক্লাব ক্যারিয়ারেও দারুণ সাফল্যের পরিচয় দেন তিনি। বায়ার লেভারকুসেন ও শালকের ও এফসি কাইজারস্লাউটার্নের মতো ক্লাবে খেলেছেন। এর মধ্যে শালকের হয়ে জিতেছেন উয়েফা কাপ। আর কাইজারস্লাউটার্নের হয়ে বুন্দেসলিগা শিরোপা।

মাঠ ছেড়ে কোচিংয়েও অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন ডুলি। ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ইউর্গেন ক্লিন্সম্যানের অধীনে যুক্তরাষ্ট্র জাতীয় দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর ফিলিপাইনের হেড কোচ হিসেবে নিয়োগ পান। প্রায় ৫ বছর দায়িত্ব পালন করেন তিনি। ডুলির অধীনেই প্রথমবার এশিয়ান কাপে জায়গা করে নেয় ফিলিপাইন।

সবশেষে গায়ানার হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার অধীনে দলটি চারটি ম্যাচের সবকটিতেই জয় তুলে নেয়। সম্প্রতি বাংলাদেশের দায়িত্ব নিতে পদ ছাড়েন ডুলি।

নিজের দক্ষতা ও চ্যালেঞ্জ সম্পর্কে অভিজ্ঞতা নিয়েই হামজা-জামালরা নেতৃত্ব দেবেন থমাস ডুলি। তার নেতৃত্বে বাংলাদেশ নতুন উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা ফুটবল ভক্তদের।

/জেএইচ/