শিরোনাম

১৬ জুন: ২০ বছরে অনন্য কীর্তি মেসির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
১৬ জুন: ২০ বছরে অনন্য কীর্তি মেসির
কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে গোল করে উদযাপনে আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি।

প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেই অনন্য এক ইতিহাসের জন্ম দিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। এর সুবাদে তিনি ছুঁয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ ১৬ গোল করা জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার রেকর্ড। তবে এই কীর্তির চেয়েও ফুটবলবিশ্বকে বেশি রোমাঞ্চিত করছে ২০ বছরের ব্যবধানে গড়া তার এক অবিশ্বাস্য ও বিরল মেলবন্ধন। ফুটবল ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি।

ঠিক দুই দশক আগে, ২০০৬ সালের ১৬ জুন মাত্র ১৮ বছর ৩৫৮ দিন বয়সে গোল করে মেসি হয়ে উঠেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ গোলদাতা। কাকতালীয়ভাবে, ঠিক ২০ বছর পর একই দিনে আলজেরিয়ার বিপক্ষে গোল উৎসব করে তিনি এখন আর্জেন্টিনার ইতিহাসের সবচেয়ে বয়স্ক বিশ্বকাপ গোলদাতাও। বর্তমানে ৩৮ বছর ৩৫৮ দিন বয়সী এ ফুটবল জাদুকর একই দিনে, দুই ভিন্ন যুগে নিজেকে মেলে ধরলেন দুই ভিন্ন পরিচয়ে একদিকে সেই বিস্ময় বালক, অন্যদিকে আজকের অভিজ্ঞ রাজা।

ফুটবল ইতিহাসের পাতায় এমন কাব্যিক মিল সত্যিই নজিরবিহীন। আলজেরিয়ার বিপক্ষে এ বিধ্বংসী পারফরম্যান্স এবং অনবদ্য রেকর্ড যেন মেসির পুরো ক্যারিয়ারেরই নিখুঁত প্রতিচ্ছবি। সময়ের চাকা ঘুরে গেছে দীর্ঘ বিশ বছর, কিন্তু ফুটবল মাঠে মেসির জাদু যে বিন্দুমাত্র কমেনি, এ অনন্য কীর্তিই তার প্রমাণ।

/এমএকে/