ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট আয়ারল্যান্ড গোলরক্ষকের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কট আয়ারল্যান্ড গোলরক্ষকের
আয়ারল্যান্ডের গোলরক্ষক গ্যাভিন বাজুনু

খেলোয়াড়দের ভোটের পর ইসরায়েলের বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলার কথা জানায় আয়ারল্যান্ডের ফুটবল ফেডারেশন। তখনই জানা গিয়েছিল আয়ারল্যান্ডের এক খেলোয়াড় ইসরায়েলের বিপক্ষে খেলতে অস্বস্তি জানানোয় ভোটের আয়োজন করা হয়। তবে অস্বস্তি জানানো খেলোয়াড়ের নাম প্রকাশ করা হয়নি। এবার জানা গেছে ওই খেলোয়াড় কে।

নেশন্স লিগ ম্যাচে খেলতে অস্বীকৃতি জানিয়ে আলোচনার কেন্দ্রে চলে এসেছেন গোলরক্ষক গ্যাভিন বাজুনু। গ্যাভিন বাজুনু নিশ্চিত করেছেন, নীতিগত অবস্থান থেকেই তিনি ইসরায়েলের বিপক্ষে রিপাবলিক অব আয়ারল্যান্ডের নেশন্স লিগের ম্যাচগুলোতে অংশ নেবেন না।

রবিবার (২৭ সেপ্টেম্বর) হাঙ্গেরির দেবরেসেনের নাজেরদেই স্টেডিয়ামে দুই দলের মুখোমুখি হবে। ম্যাচটি ইসরায়েলের ‘হোম’ ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হবে এবং সেখানে সীমিতসংখ্যক ইসরায়েলি সমর্থক উপস্থিত থাকতে পারবেন।

ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে বাজুনু বলেন, ‘নিজের দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে সবকিছু। আমার প্রতিটি সতীর্থ, কোচ, কোচিং স্টাফ এবং আয়ারল্যান্ডের মানুষের প্রতি আমার সর্বোচ্চ সম্মান রয়েছে। তবে আমি এমন একটি সিদ্ধান্ত নিয়েছি, যা হালকাভাবে নেইনি। আমি গভীরভাবে বিশ্বাসী একজন মানুষ এবং নীতি ও চরিত্রসম্পন্ন মানুষ হওয়ার সর্বোচ্চ চেষ্টা করি। তাই ইসরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচগুলোতে অংশ নেওয়া আমার কাছে ভুল মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ব্যক্তিগত বিশ্বাসের ওপর ভিত্তি করে যে নিরপরাধ মানুষ হত্যা করা ভুল। এটা পরিষ্কার করা গুরুত্বপূর্ণ যে, আমার অবস্থান ইসরায়েলি জনগণ বা ইহুদি সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং এই অঞ্চলে সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে।’

তিনি আরও যোগ করেন, ‘জীবনে কিছু মুহূর্ত আসে, যখন নিজের চেয়ে বড় কোনো বিষয়ের পক্ষে দাঁড়ানোর সুযোগ পাওয়া যায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এটি তেমনই মুহূর্ত।’

/টিই/