ফারহান যেন একের ভেতর তিন: রোনালদিনিওর স্টেপ ওভার, মেসির ড্রিবলিং আর ইয়ামালের চতুরতা

ফারহান যেন একের ভেতর তিন: রোনালদিনিওর স্টেপ ওভার, মেসির ড্রিবলিং আর ইয়ামালের চতুরতা
গোলের পর ফারহান আলী ওয়াহিদ

রোনালদিনিওর স্টেপ ওভার ডজ দেখার জন্য একটা সময় কত রাত যে জেগেছি আমরা। রোনালদিনিও চলে গেছেন, এসেছেন লিওনেল মেসি। বাঁ দিক থেকে পায়ের সঙ্গে বল চুম্বকের মতো লাগিয়ে মেসিকে দেখেছি আড়াআড়ি প্রতিপক্ষের বক্সের ভেতরে ঢুকে যেতে। তরুণ মেসির অমন ড্রিবলিংয়ের জাদুকরী মুহূর্ত দেখার জন্য রাতের পর রাত ঘুম বিসর্জন দিয়েছি। আর এখন লামিনে ইয়ামালের অবিশ্বাস্য মুভ দেখার জন্য উন্মুখ থাকি।

টেলিভিশনের সামনে বসে সাত সমুদ্র তের নদীর ওপারের তারকাদের এমন জাদুকরী মুহূর্ত দেখতে দেখতে আমরা সবাই হয়তো কমবেশি ভেবেছি বা ভাবছি– ইশ্, আমাদের দেশে এমন কেউ কবে আসবে! অবশেষে বুঝি সেই সময় এসে গেছে। আমাদের আর টিভির সামনে বসে দূর দেশের কোনো তরুণ ফুটবলারের ঝলক দেখে নিজেদের জন্য আফসোস করতে হবে না। আমরাও এমন একজন পেয়ে গেছি, তা বলাই যায়।

আমাদের সেই একজন ফারহান আলী ওয়াহিদ। ইংল্যান্ডের ক্লাব ফুলহামের একাডেমি থেকে উঠে আসা ১৯ বছরের এই কিশোর আজ তৃতীয়বারের মতো বাংলাদেশের জার্সিতে মাঠে নেমেছেন। সাফ ফুটবলে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক ম্যাচেই তিনি জাত চিনিয়েছেন। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন রোনালদিনিওর স্টেপ ওভার, মেসির ড্রিবলিং আর ইয়ামালের আশ্চর্য কারিকুরি।

ম্যাচের বয়স তখন ৫২ মিনিট। বাঁ প্রান্তে শ্রীলঙ্কার সীমানায় বল পান ফারহান। বাঁ দিক দিয়ে এঁকেবেঁকে বল নিয়ে আড়াআড়ি ঢুকতে থাকেন শ্রীলঙ্কার বক্সে। তার সেই আঁকাবাঁকা দৌড় দেখে মেসির তরুণ বয়সের কথা হয়তো অনেকেরই মনে পড়েছে। বল নিয়ে কিছুদূর আগানোর পর ফারহানের সামনে পড়েন দুজন শ্রীলঙ্কান খেলোয়াড়। এবার তিনি আবির্ভূত হন রোনালদিনিও রূপে। দুর্দান্ত স্টেপ ওভারে ফাঁকি দেন সেই দুজনকে।

এরপর আসে আসল জাদুকরী মুহূর্ত। ফারহান বল নিয়ে বক্সে আড়াআড়ি দৌড়ে যান। তার সামনে তখন শ্রীলঙ্কার কমপক্ষে চারজন খেলোয়াড়। শট নেওয়ার কোনো জায়গাই পাচ্ছিলেন না। মাথা ঠাণ্ডা রেখে চারজন খেলোয়াড়কেই তিনি সামনে টেনে নিতে থাকেন। এরপর হঠাৎ করেই ডান পায়ের যে শটটি নেন, সেটি ঠিক তার এবং চার শ্রীলঙ্কান খেলোয়াড়ের গতি আর দৌড়ানোর দিকের বিপরীতে। লঙ্কান গোলকিপারও বুঝতে পারেননি, ওখান থেকে বলটি ফারহান ওই প্রান্তে মারতে পারেন।

ফারহানের শট শ্রীলঙ্কার জালে ঢোকার সময় পাশেই ছিলেন হামজা চৌধুরী। চরম অবাক হয়ে যান তিনিও। হা করে তাকিয়ে থাকেন কিছুক্ষণ। অনেকেই বলতে শুরু করেন, এ যেন নতুন ইয়ামাল! আর আপনি কী দেখলেন? রোনালদিনিওর স্টেপ ওভার, মেসির ড্রিবলিং এবং ইয়ামালের চতুরতা মিলিয়ে আমাদের ফারহান তো একের ভেতর তিন! তাই নয় কী?

/আরএ/