শিরোনাম

ইউরোপের ফুটবলে এবার চালু হলো ব্ল্যাক কার্ড, কাজ কী?

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইউরোপের ফুটবলে এবার চালু হলো ব্ল্যাক কার্ড, কাজ কী?
ব্ল্যাক কার্ড। ছবি: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

ফুটবল মাঠে ফাউল বা অসদাচরণের জন্য হলুদ ও লাল কার্ডের ব্যবহার দেখা যায়। তবে এবার নতুন সংযোজন হিসেবে যোগ হতে যাচ্ছে ‘ব্ল্যাক কার্ড’ অর্থাৎ কালো কার্ড।

ইউরোপীয় ফুটবলে প্রথমবারের মতো রোমানিয়ার ফুটবল ফেডারেশন (এফআরএফ) তাদের যুব ও বয়সভিত্তিক ফুটবলে অভিভাবকদের আক্রমণাত্মক ও অনুপযুক্ত আচরণ নিয়ন্ত্রণে এই কার্ড চালুর ঘোষণা দিয়েছে।

মাঠের কোনো ফুটবলার বা কোচিং স্টাফকে শাস্তি দেওয়া এই কার্ডের উদ্দেশ্য নয়। বরং গ্যালারিতে থাকা উগ্র অভিভাবক ও দর্শকদের কুরুচিপূর্ণ আচরণ রুখতে ব্যবহৃত হবে নতুন এই ‘ব্ল্যাক কার্ড’।

প্রায়ই বয়সভিত্তিক ম্যাচগুলোতে অভিভাবকদের অতিরিক্ত আবেগের বহিঃপ্রকাশ, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে গালিগালাজ, এমনকি প্রতিপক্ষ দলের কোমলমতি শিশুদের মানসিক চাপে ফেলার ঘটনা দেখা যায়। বড়দের এই অসদাচরণ শিশুদের মানসিক বিকাশে চরম বাধা সৃষ্টি করে।

ইউরোপীয় অ্যাসোসিয়েশন ফুটবলে গ্যালারি নিয়ন্ত্রণের জন্য এটি নতুন নজির। যদিও আয়ারল্যান্ডের গেইলিক ফুটবলে কৌশলগত ফাউলের জন্য কালো কার্ডের প্রচলন রয়েছে।

রোমানিয়ার এই অভিনব চেষ্টা যদি সফল হয়, তবে ভবিষ্যতে ইউরোপের অন্যান্য দেশের বয়সভিত্তিক ফুটবলেও গ্যালারির শৃঙ্খলা ফেরাতে ব্ল্যাক কার্ড চালুর নতুন পথে হাটতে পারে।

/টিই/

বিষয়:

ফুটবল