শিরোনাম

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরের ঘোষণা মাহরেজের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরের ঘোষণা মাহরেজের
আলজেরিয়ার অধিনায়ক রিয়াদ মাহরেজ। ছবি: ইয়াহু স্পোর্টস

২০২৬ বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিয়েছে আলজেরিয়া। টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পরপরই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর ঘোষণা দিয়েছেন দলটির অভিজ্ঞ অধিনায়ক রিয়াদ মাহরেজ। আলজেরিয়ার জার্সিতে দীর্ঘ ১২ বছরের এক গৌরবময় অধ্যায়ের ইতি টেনে ম্যাচ শেষেই তিনি বুটজোড়া তুলে রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করেন।

এক সাক্ষাৎকারে মাহরেজ বলেন, আলজেরিয়ার জার্সিতে এটিই ছিল তার শেষ ম্যাচ। নিজের সেরাটা উজাড় করে দেওয়ার তৃপ্তি নিয়ে তিনি জানান, ক্যারিয়ারের ইতি টানার উপযুক্ত সময় এসেছে। এখন তরুণদের পথ তৈরি করে দেওয়ার পালা, যাতে নতুন প্রজন্ম নিজেদের সেরাটা দিয়ে দেশকে এগিয়ে নিতে পারে। দীর্ঘ এ পথচলায় যারা সবসময় তার পাশে থেকেছেন এবং সমর্থন যুগিয়েছেন, তাদের সবার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন ‘দ্য গ্রিনস’ অধিনায়ক।

সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজেদের ভুলেই গোল হজম করতে হয়েছে বলে স্বীকার করেন মাহরেজ। তিনি জানান, ম্যাচটি তাদের নিয়ন্ত্রণে থাকলেও বিশ্বকাপের মতো বড় আসরে ছোট ভুলও যে কতটা নির্মম হতে পারে, তা এই পরাজয় মনে করিয়ে দিল। তবে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেও বেশ কিছু ইতিবাচক দিক দেখছেন এ তারকা। দীর্ঘদিন পর আলজেরিয়ার বিশ্বমঞ্চে ফেরা এবং গ্রুপ পর্বের বাধা টপকাতে পারাকে দলটির জন্য একটি বড় অগ্রগতি বলে মনে করেন তিনি। ২০১৯ সালের আফ্রিকান কাপ অব নেশনস জয়ী আধুনিক যুগের সেরা তারকার প্রস্থানে দলটিতে একটি বড় শূন্যতার সৃষ্টি হলো।

/এমএকে/