শিরোনাম

ইনফান্তিনো ক্ষমা চাওয়ার পরও বিশ্বকাপ বয়কটে অনড় উয়েফা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ইনফান্তিনো ক্ষমা চাওয়ার পরও বিশ্বকাপ বয়কটে অনড় উয়েফা
জিয়ান্নি ইনফান্তিনো ও উয়েফা লোগো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বিতর্কিত পরিকল্পনা নিয়ে ক্ষমা চাইলেও ইউরোপিয়ান ফুটবল সংস্থাটি জানিয়েছে, তাদের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। অর্থাৎ বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতা বর্জনের হুমকি থেকে এখনো সরে আসেনি উয়েফা।

‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে নতুন একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে সেটির ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করছিল ফিফা। এই পরিকল্পনায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় ফুটবল বিশ্বে। জরুরি সভায় বসে উয়েফার ৫৫ সদস্য সংস্থা সর্বসম্মতিক্রমে বিশ্বকাপসহ ফিফার সব প্রতিযোগিতা বর্জনের সিদ্ধান্ত নেয়।

চাপের মুখে গত শুক্রবার এফএফই পরিকল্পনা থেকে সরে আসে ফিফা। এরপর বুধবার (৫ আগস্ট) মরক্কোয় ফিফার শীর্ষ নির্বাহীদের সঙ্গে সভায় নিজের ভুল স্বীকার করেন ইনফান্তিনো। এ ঘটনায় ফিফা সভাপতি ক্ষমা চেয়েছেন বলেও জানানো হয় বৈঠকের পর দেওয়া বিবৃতিতে।

তবে ইউরোপীয় ফুটবল সংস্থা তাতে সন্তুষ্ট নয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) এক বিবৃতিতে উয়েফা বলেছে, বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য দুটি শর্ত দেওয়া হয়েছিল। প্রথমত, বড় প্রতিযোগিতা বিক্রির প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাহার করতে হবে। দ্বিতীয়ত, ভবিষ্যতে ফুটবলকে এভাবে বিকৃত করার কোনো চেষ্টা আর হবে না, এমন নিশ্চয়তা দিতে হবে।

/টিই/