শিরোনাম

আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে অস্বস্তি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে অস্বস্তি
ইংল্যান্ডের কোচ থমাস টুখেল ও মিডফিল্ডার জুড বেলিংহাম

নরওয়েকে ২-১ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। তবে শেষ চারের টিকিট কাটার উল্লাসের মাঝেই ইংলিশ শিবিরে নতুন অস্বস্তি ছড়াচ্ছে কোচ থমাস টুখেল এবং তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের মধ্যকার প্রকাশ্য বাদানুবাদ। কোয়ার্টার ফাইনালে জয় পেলেও দলের মাঠের পারফরম্যান্সে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন কোচ টুখেল। ম্যাচ শেষে তিনি মন্তব্য করেন, ফলাফল ইতিবাচক হলেও খেলোয়াড়রা মাঠে অনেক ভুল করেছেন এবং দল মূলত ভাগ্যের জোরেই ম্যাচটি জিতেছে।

তবে কোচের এমন কঠোর মূল্যায়ন মোটেও পছন্দ হয়নি জুড বেলিংহামের। রিয়াল মাদ্রিদের এ তারকা বলেন, প্রচণ্ড গরমের মধ্যে নরওয়ের শক্তিশালী দলের বিপক্ষে খেলা কঠিন ছিল। আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আন্তোনিও নুসা কিংবা আলেকজান্ডার সরলথদের মতো খেলোয়াড়দের মুখোমুখি না হয়ে মন্তব্য করা সহজ। বেলিংহাম আরও বলেন, তিনি (টুখেল) হয়তো জানেন না ওই পরিস্থিতিতে এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলাটা কেমন। এই দলের বিরুদ্ধে জেতা মোটেও সহজ নয়। তিনি যা খুশি বলতে পারেন।

টুখেল ও বেলিংহামের মধ্যকার এমন মনস্তাত্ত্বিক টানাপড়েন অবশ্য এবারই প্রথম নয়। বছরখানেক আগেও বেলিংহামের মাঠের আচরণ নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন টুখেল, যার জন্য পরবর্তীতে তিনি ক্ষমাও চান। এমনকি চলতি বিশ্বকাপের আগে টুখেল হুঁশিয়ারি দিয়েছিলেন যে, বড় তারকাদেরও দলে জায়গা নিশ্চিত নয়। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই কোচের সব সমালোচনার মোক্ষম জবাব দিচ্ছেন ২৩ বছর বয়সী এ মিডফিল্ডার। মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তোলার মূল কারিগর তিনি।

দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে ক্ষোভ থাকলেও বেলিংহামের ব্যক্তিগত নৈপুণ্যের প্রশংসা করতে বাধ্য হয়েছেন টুখেল। তাকে ‘বিশ্বমানের খেলোয়াড়’ আখ্যা দিয়ে ইংলিশ কোচ বলেন, বেলিংহাম প্রতিটি ম্যাচেই নিজের জাত চেনাচ্ছেন এবং নতুন করে তার ব্যাপারে বলার কিছু নেই। বুধবার (১৫ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।

/এমএকে/