শিরোনাম

বিশ্বকাপ ব্যর্থতার পর উরুগুয়ের নতুন কোচ ফোরলান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ ব্যর্থতার পর উরুগুয়ের নতুন কোচ ফোরলান
উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার দিয়েগো ফোরলান

চলতি বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্সের জেরে মার্সেলো বিয়েলসার বিদায়ের পর, উরুগুয়ে জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির কিংবদন্তি স্ট্রাইকার দিয়েগো ফোরলান। উরুগুয়ে ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, ৪৭ বছর বয়সী সাবেক এ তারকা ২০২৭ সালের মার্চ পর্যন্ত জাতীয় দলের দায়িত্ব পালন করবেন। তবে শুধু মূল দলই নয়, একই সঙ্গে উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের দেখভালের গুরুভারও থাকছে তার কাঁধে।

কোচিং লাইনে ফোরলানের অভিজ্ঞতা খুব বেশি দীর্ঘ নয়। ২০২০ সালে দেশের শীর্ষ লিগের ক্লাব পেনারোলের হয়ে ডাগআউটে তার অভিষেক ঘটে। এর পরের বছর তিনি ফুটবল কোচ হিসেবে দায়িত্ব সামলান এতেনাস ক্লাবের। কোচ হিসেবে পথচলা সংক্ষিপ্ত হলেও ফুটবলার হিসেবে ফোরলানের ক্যারিয়ার ছিল ভীষণ বর্ণাঢ্য। ২০০২ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর উরুগুয়ের জার্সিতে ১১২ ম্যাচে তিনি জাল কাঁপিয়েছেন ৩৬ বার। দেশের হয়ে ২০১১ সালের কোপা আমেরিকা জয়ের গৌরব অর্জন করেন এ ফরোয়ার্ড।

এছাড়া ২০১০ সালের বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ ৫ গোল করার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফুটবলার হিসেবে জিতে নেন ঐতিহাসিক ‘গোল্ডেন বল’। দীর্ঘ পেশাদার ক্লাব ফুটবলেও ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের মতো ইউরোপের ঐতিহ্যবাহী ও শীর্ষ সারির দলগুলোতে দাপটের সঙ্গে খেলেছেন উরুগুয়ের ফুটবলের এ কিংবদন্তি।

/এমএকে/