শিরোনাম

বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনও বাকি: স্পেন কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে ইয়ামালের সেরা পারফরম্যান্স এখনও বাকি: স্পেন কোচ
স্পেনের তারকা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও কোচ লুইস দে লা ফুয়েন্তে (ইনসেটে)

প্রথম বিশ্বকাপে নিজের চেনা ছন্দে পুরোপুরি দেখা না গেলেও মাঠে প্রতিপক্ষের রক্ষণভাগে প্রতিনিয়ত ভীতি ছড়াচ্ছেন স্পেনের তরুণ উইঙ্গার লামিনে ইয়ামাল। স্প্যানিশ প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের মতে, বিশ্বমঞ্চে এই উদীয়মান তারকার আসল জাদু এখনও দেখা বাকি।

চোটের কারণে ১৮ বছর বয়সী এ ফরোয়ার্ডের বিশ্বকাপের যাত্রাটা সহজ ছিল না। শুরুর দিকে কেইপ ভার্দের বিপক্ষে বদলি হিসেবে এবং সৌদি আরবের বিপক্ষে কেবল প্রথমার্ধে মাঠে নামেন তিনি। তবে সৌদি আরবের বিপক্ষেই দেখা পান বিশ্বকাপে নিজের প্রথম গোলের। বর্তমানে চোট কাটিয়ে পুরোপুরি ফিট ইয়ামাল শেষ দুই ম্যাচে পুরো ৯০ মিনিটই খেলেছেন এবং ধীরে ধীরে নিজের চেনা রূপে ফিরছেন। যদিও পরিসংখ্যানের পাতায় এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে কেবল একটি গোল এবং অ্যাসিস্টের খাতা এখনো শূন্য, তবুও মাঠে স্পেনের আক্রমণে তার প্রভাব স্পষ্ট। প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে সতীর্থদের জন্য আক্রমণের সুযোগ তৈরি করে দিচ্ছেন তিনি।

ফ্রান্সের বিপক্ষে হাইভোল্টেজ সেমিফাইনালের আগে স্প্যানিশ সংবাদমাধ্যম কাদেনা এসইআরকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালকে নিয়ে নিজের এ আশাবাদের কথা জানান কোচ দে লা ফুয়েন্তে। তিনি বলেন, বিশ্বকাপে লামিনের সেরা পারফরম্যান্স এখনও সামনে আসবে। সে অত্যন্ত অনুপ্রাণিত এবং তার জেতার ক্ষুধা প্রবল। কোচ হিসেবে তাদের মূল লক্ষ্য ইয়ামালকে অতিরিক্ত চাপ থেকে মুক্ত রাখা।

দে লা ফুয়েন্তে আরও উল্লেখ করেন, এটি তরুণ এক ফুটবলারের পরিপক্ব হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া, যা ক্যারিয়ারের শুরুতে এমবাপ্পে বা হলান্ডের মতো তারকাদেরও পার করতে হয়েছে। দুই বছর আগে স্পেনের ইউরো চ্যাম্পিয়নশিপ জয়ে এক গোল ও চার অ্যাসিস্ট করে টুর্নামেন্টের সেরা তরুণ খেলোয়াড় হওয়া ইয়ামাল এবারও বিশ্বকাপের বাকি অংশে ফুটবল বিশ্বকে মুগ্ধ করবেন বলে বিশ্বাস কোচের।

/এমএকে/