শিরোনাম

লন্ডন থেকে ভিনির এজেন্টের বার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লন্ডন থেকে ভিনির এজেন্টের বার্তা
রিয়াল মাদ্রিদের অনুশীলনে ভিনিসিয়ুস জুনিয়র

রিয়াল মাদ্রিদ ছাড়বেন ভিনিসিয়ুস জুনিয়র এমন গুঞ্জন চলছে। তবে বিশ্বকাপের পর নতুন মৌসুম সামনে রেখে রিয়ালের অনুশীলনে যোগ দেন ভিনি। ভবিষ্যৎ নিয়ে জল্পনা যখন তুঙ্গে, তখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তার এজেন্ট মাইকেল ইয়োরমার্ক।

সামাজিক যোগাযোগমাধ্যমে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘লন্ডন, আমি আসছি। চলো যাওয়া যাক!’ তাতে জোরালো হয়েছে আর্সেনালে ভিনিসিয়ুসের সম্ভাব্য দলবদলের গুঞ্জন।

স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এর দাবি, আর্সেনাল কোচ মিকেল আর্তেতা দীর্ঘদিন ধরেই ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে ভেড়াতে আগ্রহী। ইয়োরমার্কের আকস্মিক লন্ডন সফরকে নিছক কাকতালীয় ঘটনা হিসেবে দেখছেন না ইউরোপীয় ফুটবল বিশ্লেষকরা।

রিয়াল মাদ্রিদের সঙ্গে ভিনিসিয়ুসের বর্তমান চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের জুন পর্যন্ত। গত কয়েক মাসে নতুন চুক্তি নিয়ে কয়েকবার আলোচনা হলেও এখনো কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি দুই পক্ষ।

এ অবস্থায় রিয়াল মাদ্রিদের সামনে কঠিন সমীকরণ। ক্লাব চাইলে দ্রুত নতুন চুক্তি সম্পন্ন করতে পারে। তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে চলতি গ্রীষ্মেই মোটা অঙ্কের ট্রান্সফার ফিতে তাকে বিক্রি করে দেওয়া আর্থিকভাবে লাভজনক হতে পারে।

/টিই/