শিরোনাম

প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল হাইতি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে ছিটকে গেল হাইতি
ব্রাজিল ম্যাচের আগে ফটোসেশনে হাইতির ফুটবলাররা। ছবি: এপি

প্রথমবার আয়োজিত ৪৮ দলের বিশ্বমঞ্চ থেকে প্রথম দল হিসেবে ছিটকে গেছে ক্যারিবীয় অঞ্চলের দেশ হাইতি। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের।

প্রচুর আশা আর প্রত্যাশা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল হাইতিয়ানরা। বাছাইপর্বের দারুণ পারফরম্যান্স মূল পর্বেও ধরে রাখার প্রত্যয় ছিল কোচ সেবাস্তিয়েন মিনিয়ের দলের। নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হারলেও মাঠের লড়াইয়ে বেশ ভালো পারফরম্যান্স দেখিয়েছিল তারা। ফলে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে অন্তত এক পয়েন্ট পাওয়ার স্বপ্ন দেখছিল দলটি। তবে মাঠের লড়াইয়ে তার প্রতিফলন দেখা যায়নি। প্রথমার্ধেই ৩ গোল হজম করে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় তারা। দ্বিতীয়র্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের রক্ষণ ভাঙতে পারেনি হাইতি।

গ্রুপ পর্বের জটিল সমীকরণ এখন হাইতির সম্পূর্ণ বিপক্ষে। শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে জয় পেলেও তাদের সংগ্রহ দাঁড়াবে ৩ পয়েন্ট। অন্যদিকে, স্কটল্যান্ড যদি নিজেদের ম্যাচে ব্রাজিলের কাছে হেরেও যায়, তবুও প্রথম ম্যাচে হাইতিকে হারানোর কারণে হেড-টু-হেডে এগিয়ে থাকবে স্কটিশরাই। ফলে গ্রুপে আর তৃতীয় হওয়ারও কোনো সুযোগ থাকছে না হাইতির। আর এই সমীকরণেই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে বিদায়ঘণ্টা বাজল ক্যারিবীয় দলটির।

/এমএকে/