শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো ইংল্যান্ড

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালো ইংল্যান্ড
১২৬ রানের ইনিংস খেলেন টম ব্যান্টন

ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেলেন টম ব্যান্টন। তার দুর্দান্ত সেঞ্চুরির সঙ্গে হ্যারি ব্রুক ও জর্ডান কক্সের ফিফটিতে ৭ উইকেটে ৩৫৫ রান করে ইংল্যান্ড। জবাবে মাত্র ১৩২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

২২৩ রানের জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। ওয়ানডেতে রানের ব্যবধানে এটি ইংল্যান্ডের পঞ্চম সেরা জয়।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ইংল্যান্ড। শূন্য রানে ফেরেন বেন ডাকেট। এরপর জো রুটকে নিয়ে বিপর্যয় সামাল দেন ব্যান্টন। দ্বিতীয় উইকেটে তারা যোগ করেন ৬২ রান। রুট ১৮ রান করে ফিরলে জুটি ভাঙে।

এরপর ব্যান্টন-ব্রুক জুটিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইংল্যান্ড। তৃতীয় উইকেটে ব্যান্টন ও ব্রুক যোগ করেন ১৫০ রান। ১০৫ বলে ১২৬ রানের দুর্দান্ত ইনিংসে ১৬টি চার ও ৫টি ছক্কা মারেন ব্যান্টন। ৯৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

ব্যান্টনের বিদায়ের পরও ইংল্যান্ডের রান তোলার গতি কমেনি। ব্রুক ৬৬ বলে ৭৭ রান করেন। জর্ডান কক্স ৫২ বলে ৭৬ রানের ইনিংস খেলেন। তাতে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা মাত্র ১ রান করে সনি বেকারের বলে ফেরেন। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। কুশল মেন্ডিসের ২৬ বলে ৩৫ রান লঙ্কানদের ইনিংস সর্বোচ্চ।

১৭তম ওভারে দলীয় ৮২ রান তুলতেই ৬ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ২৯.১ ওভারে ১৩২ রানে অলআউট হয় লঙ্কানরা। লিয়াম ডসন ২৬ রানে ৩ উইকেট এবং গাস অ্যাটকিনসন নেন ২ উইকেট।

/টিই/