শিরোনাম

অস্ট্রেলিয়ায় মিরাজের সেঞ্চুরি

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
অস্ট্রেলিয়ায় মিরাজের সেঞ্চুরি
অপরাজিত ১০৯ রান করেন মেহেদী হাসান মিরাজ

ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়ার পর মেহেদী হাসান মিরাজকে ব্যাটিংয়ে মনোযোগী হতে বলেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। অস্ট্রেলিয়া সফরে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করলেন মিরাজ।

ডারউইনে বৃহস্পতিবার (৬ আগস্ট) ক্রিকেট অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে ১৪১ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মিরাজ। দলের বিপর্যয়ের সময় ১১ চার ও ৪ ছক্কায় ইনিংসটি সাজান মিরাজ।

দিনের খেলা শেষে বিসিবির ভিডিও বার্তায় মিরাজ বললেন, এই ইনিংসের রেশ তিনি বয়ে নিতে চান টেস্টে।

মিরাজ বলেন, ‘যেহেতু আমাদের সামনে টেস্ট ম্যাচ আছে, এটা (সেঞ্চুরি) আমাকে আত্মবিশ্বাস দেবে। আমি যে মাইন্ড সেট-আপে ছিলাম, যদি চালিয়ে যেতে পারি, তাহলে আমার জন্য ভালো হবে, দলের জন্যও ভালো হবে।’

মিরাজ যখন ক্রিজে যান, বাংলাদেশের রান তখন ৫ উইকেটে ১০৫। এরপর হয় ৬ উইকেটে ১১০। সেখান থেকে দলকে টেনে তোলেন মিরাজ। শেষ জুটিতে মিরাজের ব্যাটিং ছিল দেখার মতো। দল যখন নবম উইকেট হারায়, মিরাজের রান তখন ৫৬। সেখান থেকেই সেঞ্চুরি করেন তিনি। ৬৯ রানের শেষ উইকেট জুটিতে সৈয়দ খালেদ আহমেদ করেন ১৫ রান।

দলের পরিস্থিতি বুঝে নানা সময়ে ব্যাটিং পরিকল্পনা সাজিয়েঝেন তিনি। অলরাউন্ডার মিরাজ বলেন, ‘প্রথম দিকে একটু চ্যালেঞ্জিং ছিল উইকেট। আমি শুধু চেষ্টা করেছি, বলের মেরিট অনুযায়ী খেলার। খুব ভালো জায়গায় বোলিং করেছে ওরা। আমার জন্য একটু কঠিন ছিল, যেহেতু এই প্রথমবার এই কন্ডিশনে খেলছি। আমি চেষ্টা করেছি উইকেটে মানিয়ে নিতে এবং জুটি গড়তে।’

প্রথম দিনে বাংলাদেশের ইনিংস শেষ হয় ২৬৩ রানে। ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ দিন শেষ করে ২ উইকেটে ৫১ রান নিয়ে।

/টিই/