শিরোনাম

ভারত অলআউট ১১১ রানে, বড় জয় দক্ষিণ আফ্রিকার

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ভারত অলআউট ১১১ রানে, বড় জয় দক্ষিণ আফ্রিকার
এবার ভারতকে হারালো দক্ষিণ আফ্রিকা। ছবি: ক্রিকইনফো

৮৮ রানে ৮ উইকেট পড়ে যাওয়ার পর হারের ব্যবধান কমাতে ব্যাট চালিয়েছেন শিবম দুবে। কিছুটা সফলও হন। তবে বেশি দূর দলকে এগিয়ে নিতে পারেননি। ১৯তম ওভারের চতুর্থ বলে তিনি আউট হওয়ার পর পঞ্চম বলে বুমরার উইকেটটিও হারায় ভারত। টানা দুই বলে উইকেট নিয়ে ভারতের ইনিংসের সমাপ্তি টেনেছেন মার্কো ইয়ানসেন।

দক্ষিণ আফ্রিকার ১৮৭ রানের জবাবে নেমে ভারত অলআউট হয় ১১১ রানে। তাতে রবিবার (২২ ফেব্রুয়ারি) সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা জয় পেয়েছে ৭৬ রানে।

আহমেদাবাদের ম্যাচে ভারত রান তাড়া করতে নেমে শুরুতেই চাপে ছিল। প্রথম ওভারে ঈশান কিষান (০) আর দ্বিতীয় ওভারে তিলক বর্মাকে (১) হারানো ভারতের স্কোর ছিল ৫ রানে ২ উইকেট। শুরুর সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি স্বাগতিকেরা। অভিষেক শর্মা (১২ বলে ১৫), ওয়াশিংটন সুন্দর (১১), অধিনায়ক সূর্যকুমার যাদব (২২ বলে ১৮) যখন ফেরেন স্কোরবোর্ডে রান মাত্র ৫১।

এরপর শিবম দুবে ও হার্দিক পান্ডিয়ার ষষ্ঠ উইকেট জুটিতে ওঠে ৩৫ রান। দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ পান্ডিয়াকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন। একই ওভারে রিঙ্কু সিংকেও (০) আউট করেন তিনি। এরপর ভারতের হারটা কেবল সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়।

দক্ষিণ আফ্রিকার পেসার মার্কো ইয়ানসেন একাই নেন ২২ রানে ৪ উইকেট। এছাড়া ৩ উইকেট নেন মহারাজ।

তার আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক এইডেন মর্করাম। শুরুটা ভালো করতে পারেনি প্রোটিয়ারা। জাসপ্রিত বুমরার বলে আউট হন ওপেনার কুইন্টন ডি কক। পরের দুই ওভারে আউট হন মার্করাম ও রায়ান রিকেলটন। আউট হওয়ার আগে ডি কক ৬, মার্করাম ৪ ও রিকেলটন ৭ রান করেন।

দলীয় ২০ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপেই পড়ে দক্ষিণ আফ্রিকা। চতুর্থ উইকেট জুটিতে চাপ সামলে নেন ডেভিড মিলার ও ডেওয়াল্ড ব্রেভিস। ক্রমেই ভারতীয় বোলারদের ওপর চড়াও হতে থাকেন তারা। মাত্র ৫০ বলে দুজন মিলে গড়েন ৯৭ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় প্রোটিয়ারা।

২৯ বলে তিনটি করে চার ও ছয়ের মাধ্যমে ৪৫ রান করে আউট হন ব্রেভিস। ফিফটি তুলে নেন মিলার। তার ইনিংস থামে ৬৩ রানে। ৩৫ বলে খেলা তার এ ইনিংস সাতটি চার ও তিনটি ছয়ে সাজানো।

এই দুই ব্যাটসম্যানের আউটের পর রানের গতি মন্থর হয় দক্ষিণ আফ্রিকার। শেষদিকে দলীয় স্কোরে ১৮০ পার করেন ট্রিস্টান স্টাবস। ২৪ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন তিনি।

ভারতের বুমরা ৪ ওভারে ১৫ রানে ৩ উইকেট নেন। ম্যাচসেরা হয়েছেন ডেভিড মিলার।

/টিই/