শিরোনাম

প্রযুক্তি আমাকে বাঁচিয়েছে: স্মিথ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রযুক্তি আমাকে বাঁচিয়েছে: স্মিথ
স্নিকোমিটারে স্পষ্ট কিছু ধরা পড়েনি

ডারউইনে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথই কিছুটা প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু সেই ৭১ রানের ইনিংসটিও শুরুতেই শেষ হয়ে যেতে পারতো। ম্যাচ শেষে স্মিথ নিজেই স্বীকার করছেন, এবাদত হোসেনের বলে তিনি সম্ভবত সত্যিই এজ করেছিলেন! অর্থাৎ ব্যাট ছুঁয়ে গিয়েছিল বল।

মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার স্কোর তখন ৩ উইকেটে ৬৮। স্মিথের ব্যক্তিগত রান মাত্র ৭। খেলেছেন ২৩ বল। ইনিংসের ২১তম ওভারের চতুর্থ বলটি করেন বাংলাদেশের পেসার এবাদত হোসেন। অফ-স্টাম্পের বাইরের বল স্মিথকে খেলতে প্রলুব্ধ করেন। ডানহাতি ব্যাটার ব্যাট বাড়িয়ে দেন, বল চলে যায় উইকেটকিপারের হাতে। বাংলাদেশের খেলোয়াড়রা আবেদন করেন। কিন্তু মাঠের আম্পায়ার আউট দেননি।

বাংলাদেশ তাতে রিভিউ নেয়। এরপর স্নিকোমিটারে স্পষ্ট কিছুই ধরা পড়েনি! ফলে মাঠের আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থাকে। তবে রিভিউয়ে সিদ্ধান্ত আসার আগে মাঠ ছেড়ে যাচ্ছিলেন স্মিথ।

কিন্তু দিন শেষে সংবাদ সম্মেলনে স্মিথকে সরাসরি জিজ্ঞেস করা হয়- তিনি কি সত্যিই বলটিতে এজ করেছিলেন? তার উত্তর ছিল, ‘আমার মনে হয়, হ্যাঁ।’

তিনি স্বীকার করেন, ওই মুহূর্তে ভাগ্যবান ছিলেন, ‘আমি ভাগ্যবান ছিলাম? মনে হচ্ছে, হ্যাঁ। কখনো কখনো এমন ভাগ্য কাজে লাগে।’

প্রযুক্তির ওপর নিজের আস্থার বিষয়ে প্রশ্ন করা হলে স্মিথ বলেন, ‘সাধারণত প্রযুক্তি বেশ ভালোই কাজ করে। হয়তো আমি এজ করিনি, জানি না। কিন্তু আমি নিশ্চিতভাবেই কিছু একটা অনুভব করেছিলাম।’

এরপরই আসে দিনের সবচেয়ে আলোচিত স্বীকারোক্তি, ‘আমাকে আউট দেওয়া হলে আমি মাঠ ছেড়ে চলে যেতাম। কিন্তু হ্যাঁ, আজ প্রযুক্তিই বোধহয় আমাকে বাঁচিয়েছে।’

/টিই/