তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: বিচার-ক্ষতিপূরণ অধরা, পুনর্বাসনের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর: বিচার-ক্ষতিপূরণ অধরা, পুনর্বাসনের দাবি
আগুনে পুড়ে যাওয়া কারখানা

দেশের পোশাকশিল্পের ইতিহাসে এক ভয়াবহ ট্র্যাজেডির নাম তাজরীন ফ্যাশনস অগ্নিকাণ্ড। ২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের কারখানাটিতে ভয়াবহ আগুনে নিহত হন ১১৩ জন শ্রমিক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চারজন। এ ঘটনায় দুই শতাধিক শ্রমিক গুরুতর আহত হন। তবে ঘটনার ১৪ বছর পেরিয়ে গেলেও বিচার, ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত হয়নি বলে অভিযোগ ভুক্তভোগী শ্রমিক ও তাদের স্বজনদের।

তাদের দাবি, আগুনের ক্ষত আর দুঃসহ স্মৃতি নিয়ে এখনও মানবেতর জীবন কাটাচ্ছেন বেচে ফেরা অনেক শ্রমিকদের।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় কারখানাটিতে ৯৮৪ জন শ্রমিক কর্মরত ছিলেন। আগুন থেকে প্রাণ বাঁচাতে অনেকে ভবন থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। নিহতদের মরদেহ শনাক্ত হওয়ার পর ৫৮ জনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। অন্যদের মরদেহ শনাক্ত করা সম্ভব না হওয়ায় রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়।

ভয়াবহ ওই ঘটনার দীর্ঘ ১৪ বছরেও স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি আহত শ্রমিকদের অনেকে। কারও শরীরে আগুনে পোড়ার ক্ষত, কেউ ভুগছেন মেরুদণ্ড ও অন্যান্য অঙ্গের জটিলতায়। অনেকে হারিয়েছেন কাজ করার সক্ষমতা। শারীরিক অসুস্থতার পাশাপাশি তাদের নিত্যসঙ্গী হয়ে উঠেছে দারিদ্র্য, চিকিৎসার ব্যয় ও পরিবারের ভরণপোষণের অনিশ্চয়তা।

শরীরে আগুনের ক্ষত, জীবনে অনিশ্চয়তা

তাজরীন অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের একজন রেহেনা বেগম। আগুন থেকে বাঁচতে কারখানার তিনতলা থেকে লাফিয়ে পড়ে ভেঙে যায় তার মেরুদণ্ডের হাড়। ফেটে যায় ঘাড়ের হাড়ও। সেই থেকে শারীরিক যন্ত্রণা আর আর্থিক সংকটের মধ্যে দিন কাটছে তার।

সেদিনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরে রেহেনা বেগম বলেন, ‘সেদিনের দুর্ঘটনা আমি আজন্ম মনে রাখবো। কারণ, আমি প্রতিনিয়ত সেই ক্ষত বয়ে বেড়াচ্ছি। আগুন লাগার পর আমি তিনতলা থেকে পড়ে গিয়ে আমার মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। আমার ঘাড়ের হাড় ফেটে যায়। আমার বোন, বোনের স্বামী, আমার ভাগিনাসহ পরিবারের চার সদস্য তাজরীনের আগুনে অঙ্গার হয়েছে। শুধু দুঃসহ স্মৃতি আর যন্ত্রণা নিয়ে বেঁচে আছি আমি।’

তিনি বলেন, ‘আমাকে আইএলও থেকে মাত্র চার লাখ টাকা দেওয়া হয়েছে। কিন্তু কোনো সুচিকিৎসা পাইনি। যে টাকা পেয়েছিলাম, সেগুলো চিকিৎসার পেছনেই ব্যয় হয়ে গেছে। পরে জমি বিক্রি করে আমার চিকিৎসা করেছি। এখন আমি অক্ষম। কোনো কাজ করতে পারি না। আমার সন্তানের লেখাপড়া করাতে পারি না, ভালো খাবার খাওয়াতে পারি না।’

ক্ষতিপূরণ ও চিকিৎসা সহায়তা পাওয়ার পরও জীবনযাত্রার উন্নতি হয়নি জানিয়ে রেহেনা বলেন, ‘ঘটনার ১৪ বছর অতিবাহিত হলেও এখনো কারও শাস্তি হলো না। আমরাও বিচার পেলাম না। যাই হোক, এখন আর এসব বলে লাভ নেই। আমরা এখন কেবল সুচিকিৎসা ও পুনর্বাসন চাই। সন্তান নিয়ে একটু ভালো থাকতে চাই, সুন্দরভাবে বাঁচতে চাই। তবে ভিক্ষা চাই না।’

ন্যায্য ক্ষতিপূরণ ও হাসপাতাল নির্মাণের দাবি

তাজরীন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও নিহতদের পরিবারের ন্যায্য ক্ষতিপূরণ, সুচিকিৎসা এবং পুনর্বাসনের দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু গণমাধ্যমকে বলেন, ২০১২ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের পোশাকশিল্পের জন্য একটি বিভীষিকাময় দিন। ওই ঘটনায় আগুনে পুড়ে ১১৭ জন শ্রমিক মারা যান এবং অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হন। এখন পর্যন্ত তাঁদের কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া হয়নি। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, তা কেবল সহযোগিতা।

তিনি বলেন, প্রতিটি আহত শ্রমিক ও নিহতের পরিবারকে ন্যায্য ক্ষতিপূরণ দিতে হবে, যাতে তাঁরা সুস্থ ও সুন্দরভাবে জীবনযাপনের সুযোগ পান।

একই সঙ্গে তাজরীনের পরিত্যক্ত ভবনটি সংস্কার করে সেখানে দ্রুত শ্রমিকদের জন্য হাসপাতাল নির্মাণের দাবি জানান এ শ্রমিক নেতা। ওই হাসপাতালে সব শ্রমিকের বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান তিনি।

তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ড শুধু ১১৭টি প্রাণহানির ঘটনা নয়, বহু পরিবারের স্বপ্ন ও জীবনের গতিপথ বদলে দেওয়া এক ভয়াবহ বিপর্যয়। ভুক্তভোগীদের দাবি, দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারগুলোর পাশাপাশি আহত শ্রমিকদের অনেকেই এখনও চিকিৎসা, আর্থিক নিরাপত্তা ও পুনর্বাসনের সংকটে রয়েছেন।

সময়ের ব্যবধানে দুর্ঘটনার ক্ষত কিছুটা দৃশ্যত মলিন হলেও ভুক্তভোগীদের জীবনে তার প্রভাব রয়ে গেছে। তাদের দাবি, কেবল এককালীন আর্থিক সহায়তা নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি চিকিৎসা, নিয়মিত আর্থিক সহায়তা, কর্মক্ষমতা হারানো শ্রমিকদের পুনর্বাসন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা।

/এফআর/