শিরোনাম

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমিফাইনালে ভারত
ভারতের জয়ের পর সঞ্জু স্যামসন। ছবি: ক্রিকইনফো

অঘোষিত কোয়ার্টার ফাইনালে ভারত ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বের শেষ ম্যাচে ক্যারিবিয়ানদের হারিয়ে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে স্বাগতিক ভারত।

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের করা ১৯৬ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার অভিষেক শর্মা আউট হন ব্যক্তিগত ১০ রানে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে আউট হন ইষাণ কিষাণ, তিনিও ১০ রান করে করেন। তৃতীয় উইকেটে শুরুর চাপ সামলে নেন ওপেনার স্যাঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদব। সেই সঙ্গে রান রেটটাও ঠিক রাখেন। দুজন মিলে গড়েন ৫৮ রানের জুটি। শামার জোসেফের করা বলে শেরফাইন রাদারফোর্ডের হাতে সূর্যকুমার ক্যাচ দিলে ভাঙে এই জুটি। সূর্য করেন ১৮ রানে। পরের উইকেটে ১৫ বলে ২৭ রান করেন তিলক ভার্মা। ১৪ বলে ১৭ রানে ফেরেন হার্দিক পান্ডিয়া।

তবে একপ্রান্ত আগলে রাখেন ওপেনার স্যাঞ্জু স্যামসন। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। ৯৭ রানে অপরাজিত থাকেন। ৫০ বলের ইনিংসটি ১২টি চার ও ৪টি ছয়ে সাজানো। সঙ্গে ৮ রানে অপরাজিত থাকেন শিবম দুবে।

এর আগে ক্যারিবীয়রা ভালো শুরু পায়। ওপেনিং জুটিতে আসে ৬৮ রান। ৩৩ বলে ৩২ রান করে আউট হন অধিনায়ক শেই হোপ। আরেক ওপেনার রোস্টন চেজের ব্যাট থেকে আসে ২৫ বলে ৪০ রান। ইনিংসের শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন রোভম্যান পাওয়েল ও জেসন হোল্ডার। দুজন মিলে গড়েন ৬০ রানের জুটি। তাতেই বড় সংগ্রহ পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ১৯ বলে ৩৪ রানে রোভম্যান পাওয়েল এবং ২২ বলে ৩৭ রানে জেসন হোল্ডার অপরাজিত থাকেন।

এবারের আসরে আগামী বুধবার (৪ মার্চ) অনুষ্ঠিত হবে প্রথম সেমিফাইনাল। ইডেন গার্ডেন্সে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। ওয়াংখেড়েতে বৃহস্পতিবার (৫ মার্চ) মুখোমুখি হবে ইংল্যান্ড ও ভারত। আর ৮ মার্চ অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ফাইনাল।

/টিই/