শিরোনাম

অনেক রেকর্ডের ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে ভারত

সিটিজেন স্পোর্টস ডেস্ক
অনেক রেকর্ডের ম্যাচে ইংল্যান্ডকে ৭ রানে হারিয়ে ফাইনালে ভারত
বেথেলকে রান আউট করে ভারতীয় খেলোয়াড়দের উদযাপন। ছবি: ক্রিকইনফো

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠতে হলে ভারতের বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়তে হতো ইংল্যান্ডকে। বৃহস্পতিবার (৫ মার্চ) ভারত আগে ব্যাট করে তোলে ৭ উইকেটে ২৫৩ রান। বিশ্বকাপ ইতিহাসে এতো রান তাড়া করে জেতার রেকর্ড নেই। এবারও হলো না। ভারত ৭ রানে ম্যাচ জিতে টানা দ্বিতীয়বারের মতো উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে।

ভারত ২৫৩, ইংল্যান্ড ২৪৬ মোট ৪৯৯ রান। বিশ্বকাপে সর্বোচ্চ রানের ম্যাচ, সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। দুই দল মিলে ম্যাচে ছক্কা হয়েছে ৩৪টি। বিশ্বকাপে এক ম্যাচে এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

ভারত ২৫৩, ইংল্যান্ড ২৪৬ মোট ৪৯৯ রান। বিশ্বকাপে সর্বোচ্চ রানের ম্যাচ, সব মিলিয়ে দ্বিতীয় সর্বোচ্চ। দুই দল মিলে ম্যাচে ছক্কা হয়েছে ৩৪টি। বিশ্বকাপে এক ম্যাচে এটাই সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

মুম্বাইয়ের ওয়াংখেড়েতে শেষ ১৮ বলে ইংল্যান্ডের দরকার ছিল ৪৫ রান। ১৭তম ওভারটি করেন জাসপ্রিত বুমরা। দারুণ বোলিংয়ে ওই ওভারে তিনি দেন মাত্র ৬ রান। তাতে সমীকরণটা আরও কঠিন হয় ইংল্যান্ডের জন্য।

১৮তম ওভারের প্রথম বলে হার্দিক পান্ডিয়াকে ছক্কা হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন জ্যাকব বেথেল। ৪৫ বলে বেথেলের সেঞ্চুরি। টি–টুয়েন্টিতে এটাই তার প্রথম সেঞ্চুরি। সেটিও এলো বিশ্বকাপের সেমিফাইনালে। ১০ বলে যখন দরকার ৩২, স্যাম কারেন বাউন্ডারিতে তিলক ভার্মার হাতে ধরা পড়েন। পান্ডিয়া মাত্র ৯ রান দেন। শেষে ৬ বলে ৩০ রানের সমীকরণ আর মিলাতে পারেনি ইংল্যান্ড। তারা জয়ের কাছাকাছি আসতে পেরেছে জ্যাকব বেথেলের সেঞ্চুরিতে। বেথেল ৪৮ বলে ১০৫ রান করে রান আউট হন। তার ইনিংসে ছিল ৮ চার ও ৭ ছক্কা।

এছাড়া জস বাটলার ১৭ বলে ২৫, উইল জ্যাকস ২০ বলে ৩৫ এবং স্যাম কারান ১৪ বলে ১৮ রান করেন।

তার আগে রানবন্যার ম্যাচে ভারত ছক্কার রেকর্ড গড়ে বড় পুঁজি গড়ার পথে। ভারত তাদের ইনিংসে ছক্কা মেরেছে ১৯টি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে এটি যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড।

ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি ওপেনার অভিষেক শর্মা। মাত্র ৯ রান করে আউট হন তিনি। শুরুতেই উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি স্যাঞ্জু স্যামসন ও ইশান কিষাণ। দ্বিতীয় উইকেট জুটিতে আসে ৯৭ রান। ১৮ বলে ৩৯ রান করে ইশান ফিরলে জুটি ভাঙে।

সেঞ্চুরির পথেই ছিলেন ডানহাতি ব্যাটার সঞ্জু। কিন্তু সেঞ্চুরির আক্ষেপটা থেকে যায় তার। উইল জ্যাকসের করা বলে ফিল সল্টের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে ৮৯ রান করেন তিনি। মাত্র ৪২ বলে খেলা তার এই ইনিংসটি ৮ চার এবং ৭ ছয়ে সাজানো।

দ্রুত রান তোলার জন্য শিবম দুবেকে চার নম্বরে ব্যাট করার জন্য পাঠানো হয়। ২৫ বলে একটি চার ও চারটি ছয়ে দুবে করেন ৪৩ রান। সূর্যকুমার যাদব ৬ বলে ১১ রান করেন। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন হার্দিক পান্ডিয়া ও তিলক ভার্মা। হার্দিক ১২ বলে ২৭ ও তিলক ৭ বলে ২১ রান করেন। তাতে লড়াইয়ের পুঁজি পায় ভারত।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ৮ মার্চ (রবিবার)। ফাইনালে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

/টিই/