শিরোনাম

শুক্রবার শুরু স্কুল ক্রিকেট, যা বললেন শান্ত-হৃদয়

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার শুরু স্কুল ক্রিকেট, যা বললেন শান্ত-হৃদয়
স্কুল ক্রিকেট নিয়ে সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

প্রাইম ব্যাংকের পৃষ্ঠপোষকতা এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তত্ত্বাবধানে আবারো মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ মৌসুম।

এবার ৬৪ জেলা থেকে অংশ নিচ্ছে ৩৫০ স্কুলের সাড়ে ৮ হাজারের বেশি ক্রিকেটার, ম্যাচের সংখ্যা ৬৫১। ১০ এপ্রিল (শুক্রবার) শুরু হবে জেলা পর্যায়ের ম্যাচগুলো। এরপর হবে বিভাগীয় ও জাতীয় পর্যায়ের খেলা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট ২০২৫-২৬ উপলক্ষ্যে উন্মোচন করা হয় জার্সি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়। ছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সংবাদ সম্মেলনে হৃদয় বললেন, ‘স্কুল ক্রিকেট নিয়ে কিছু বলতে গেলেই আমি ইমোশনাল হয়ে পরি। আমার শুরুটাই করি স্কুল ক্রিকেট দিয়ে। বছর দুয়েক আগে টসের কারণে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিলো। আমি চাই এই স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নশিপটা এমন সময় চালু করা হোক, যখন বৃষ্টি না হয়।’

দেশের টেস্ট অধিনায়ক শান্তর উত্থানের পেছনেও বড় অবদান ছিল স্কুল ক্রিকেটের। তিনি স্কুল ক্রিকেট নিয়ে বলেন, ‘আমি মনে করি স্কুল ক্রিকেটটা খুব বড় করে দেখা উচিত এবং যারা দায়িত্বে আছেন ক্রিকেট বোর্ড এবং প্রাইম ব্যাংককে ধন্যবাদ যে, এতো সুন্দরভাবে প্রত্যেকটি স্কুলকে সাহায্য করছে।’

এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নাজিম এ চৌধুরী।

বাশার জানিয়েছেন, ফাইনাল ম্যাচটি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়োজনের চেষ্টা করবেন তারা। স্কুল ক্রিকেটের ফাইনাল আগেও একাধিকবার হয়েছে হোম অব ক্রিকেটে।

নাজিম এ চৌধুরী বলেন, ‘বিসিবিকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পার্টনার হিসেবে রাখার জন্য। সামনের দিনগুলোতে উনারা সুযোগ দিলে যতোদিন এই টুর্নামেন্ট চলবে, ততোদিনই প্রাইম ব্যাংক সঙ্গে থাকবে। কারণ ক্রিকেট সত্যি বলতে আমাদের আবেগের জায়গা। আমরা শুধু যে কর্পোরেট দায়বদ্ধতা থেকে এখানে এসেছি, তা নয়। আমরা ক্রিকেটকে ভালোবাসি দেখে আমাদের দায়বদ্ধতা আছে।’

২০১৫ সালে প্রাইম ব্যাংক যুক্ত হওয়ার পর স্কুল ক্রিকেটে বিভিন্ন সময়ে অংশ নিয়েছে ৩ হাজার ৫০৭ স্কুল।

/টিই/