৩৬৩ রানের জুটিতে নাঈম-অঙ্কনের রেডর্ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩৬৩ রানের জুটিতে নাঈম-অঙ্কনের রেডর্ক
মাহিদুল ইসলাম অঙ্কন ও মোহাম্মদ নাঈম শেখ

মোহাম্মদ নাঈমের সঙ্গে মিলে চতুর্থ উইকেটে রেকর্ড জুটি গড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে রাজশাহীর বিপক্ষে ঢাকার দুই ব্যাটসম্যানের জুটিতে সংগ্রহ ৩৬৩ রান। দেশের প্রথম শ্রেণির ক্রিকেটে এই প্রথম চতুর্থ উইকেটে দেখা মিললো সাড়ে তিনশ ছাড়ানো জুটির।

১৪ চার ও ৮ ছক্কায় ২৮৯ বলে ১৬৫ রান করেন মাহিদুল। প্রথম শ্রেণির ক্যারিয়ারে এটিই তার সর্বোচ্চ ইনিংস। মাহিদুলের বিদায়ের কিছুক্ষণ পর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিকে আড়াইশতে নিয়ে যান নাঈম, শেষ পর্যন্ত তিনি করেন ২৮২।

এত দিন চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি ছিল অলক কাপালি ও রাজিন সালেহর। ২০১৪-১৫ মৌসুমের জাতীয় লিগে ৩৪৮ রান যোগ করেছিলেন সিলেটের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান।

চতুর্থ উইকেটে বিশ্ব রেকর্ড থেকে অবশ্য অনেক আগেই থেমেছে নাঈম-মাহিদুল জুটি। ১৯৪৬-৪৭ মৌসুমের রাঞ্জি ট্রফিতে ৫৭৭ রানের জুটি গড়েছিলেন বারোডার বিজয় হাজারে ও গুল মোহাম্মদ। ৯১ রানে তৃতীয় উইকেট পড়ার পর দলকে ৬৬৮ রানে নিয়ে যান তারা।

২০১২-১৩ মৌসুমের বাংলাদেশ ক্রিকেট লিগে পঞ্চম উইকেটে ৪৯৪ রানের জোট বেধেছিলেন সেন্ট্রাল জোনের মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেন জুনিয়র। যা বাংলাদেশের ক্রিকেটে যে কোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি।

/টিই/