দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট আবারও স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দাম্মাম ও রিয়াদ রুটে বিমানের সব ফ্লাইট আবারও স্থগিত
প্রতীকী ছবি

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে সাম্প্রতিক হামলার ঘটনায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে রিয়াদ ও দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিতের মেয়াদ আগামী ৪ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

এতে জানানো হয়, সৌদি আরবের বিমানবন্দরে সাম্প্রতিক হামলার নিরাপত্তা পরিস্থিতির কারণে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট স্থগিত করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী আগামী ৪ নভেম্বর পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়েছে।

জরুরি প্রয়োজনে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার কথা উল্লেখ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, যাত্রীরা প্রয়োজনে জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে গমন করতে এবং সেখান থেকে বাংলাদেশে ফিরে আসতে পারবেন।

স্থগিত হওয়া ফ্লাইটগুলোর পরবর্তী সিদ্ধান্ত ও যাত্রার আপডেট সময়সূচি সম্পর্কে যথাসময়ে বিমানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে। ফ্লাইট, টিকিট পুনর্নির্ধারণ ও ভ্রমণসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যাত্রীদের বাড়তি চাহিদা বিবেচনায় গত ১৬ অক্টোবর থেকে ঢাকা-জেদ্দা রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। এই বিশেষ ফ্লাইট কার্যক্রম আগামী ৪ নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া, ঢাকা-মদিনা রুটে নির্ধারিত সময়সূচি অনুযায়ী বোয়িং ৭৮৭ উড়োজাহাজের মাধ্যমে নিয়মিত ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।

/এফআর/