শিরোনাম

প্রথম ওয়ানডে হারের ব্যাখ্যা দিলেন মিরাজ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথম ওয়ানডে হারের ব্যাখ্যা দিলেন মিরাজ
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ

টেস্ট সিরিজের ব্যর্থতার বৃত্ত থেকে ওয়ানডে ফরম্যাটেও বের হতে পারল না বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মাত্র ১৪২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে টাইগাররা। ১১৬ রানেই পুরো দল গুটিয়ে যাওয়ায় স্বাগতিকদের কাছে ২৫ রানের হতাশাজনক পরাজয় দিয়ে ওয়ানডে মিশন শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।

ম্যাচের শুরুতে টস জিতে বোলিংয়ে নেমে দারুণ আধিপত্য বিস্তার করেছিল বাংলাদেশ। তরুণ পেসার নাহিদ রানার বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়িয়ে মাত্র ৭০ রানেই ৮ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল জিম্বাবুয়ে। কিন্তু এরপরই দৃশ্যপট বদলে যায়। শেষ দুই উইকেটে স্বাগতিক ব্যাটারদের গড়ে তোলা ৭১ রানের অবিচ্ছিন্ন ও লড়াকু জুটি ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। ম্যাচে একাই ৬ উইকেট শিকার করে জিম্বাবুয়ের টপ ও মিডল অর্ডার ধসিয়ে দিয়েছিলেন নাহিদ রানা, তবে শেষদিকের প্রতিরোধ ভাঙতে না পারায় লড়াইয়ের পুঁজি পেয়ে যায় স্বাগতিকরা।

জবাবে অল্প রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বড় ধাক্কা খায় বাংলাদেশ দল। প্রাথমিক বিপর্যয় সামাল দিতে নুরুল হাসান সোহান ও তাওহীদ হৃদয় মিলে ৪৯ রানের একটি কার্যকরী জুটি গড়ে ইনিংস মেরামতের চেষ্টা করেছিলেন। তবে এই জুটি ভাঙার পরপরই শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল। জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দায়িত্বহীনতার পরিচয় দিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ১১৬ রানেই থমকে যায় বাংলাদেশের ইনিংস।

এমন শোচনীয় পরাজয়ের পর ম্যাচ শেষে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের কণ্ঠে ফুটে ওঠে চরম হতাশা। লোয়ার অর্ডারের জুটি ভাঙতে না পারার দুর্বলতা স্বীকার করে তিনি বলেন, নাহিদ রানা অসাধারণ বোলিং করে ৬টি উইকেট নিলেও বেশ কিছু জায়গায় দলের উন্নতির অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে প্রতিপক্ষের ৮ উইকেট পড়ে যাওয়ার পরও তাদের লোয়ার অর্ডার যেভাবে বড় জুটি গড়ে রান তুলেছে, সেখানেই বাংলাদেশের মূল ঘাটতি ছিল। তবে রানা গত কয়েক সিরিজ ধরেই চমৎকার ধারাবাহিকতা বজায় রাখছেন এবং এটি দলের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন মিরাজ। কন্ডিশনের কথা মনে করিয়ে দিয়ে অধিনায়ক যোগ করেন, এই পরিস্থিতিতে ১৪২ রান তোলাও অতটা সহজ ছিল না। পরবর্তী ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে হলে শুরুর ১০ ওভারে ভালো জুটি গড়ার ওপর জোর দেওয়ার পাশাপাশি ব্যাটারদের আরও দায়িত্ব নিয়ে খেলার আহ্বান জানান টাইগার অধিনায়ক।

/এমএকে/