শিরোনাম

রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন নাজমুল, মিরাজ, মুশফিক, লিটনরা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
রামিসার জন্য ন্যায়বিচার চাইলেন নাজমুল, মিরাজ, মুশফিক, লিটনরা

রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে পুরো দেশ ফুঁসছে। ধর্ষণের পর নৃশংসভাবে এ হত্যার ঘটনায় শিশুটির জন্য এবার ন্যায়বিচার চাইলেন বাংলাদেশের ক্রিকেটাররা। রামিসার একটি স্কেচ ছবি আলাদা আলাদাভাবে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস ও ব্যাটসম্যান মুশফিকুর রহিম।

নাজমুল তার পোস্টে লিখেছেন, ‘আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে। ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। আর কোনো রামিসার জীবন যেন এভাবে থেমে না যায়। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আর দোষীদের এমন শাস্তি হোক, যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।’

লিটন নিজেও একজন কন্যাসন্তানের বাবা। রামিসার ঘটনা তাকে এজন্য আরও বেশি শঙ্কিত করেছে বলে নিজের পোস্টে লিখেছেন বাংলাদেশের উইকেটকিপার–ব্যাটসম্যান, ‘একজন কন্যাসন্তানের অভিভাবক হিসেবে রামিসার খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত ও ব্যথিত। এ ধরনের ঘটনা কোনো সভ্য সমাজেই মেনে নেওয়া যায় না। আমাদের সন্তানরা যেন ভয়হীন ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে– এমন একটি পৃথিবী আমাদের সবারই প্রাপ্য।’

লিটন এখানেই থামেননি। এরপর তিনি লিখেছেন, ‘যে কোনো অন্যায়ের সঠিক বিচার হওয়া উচিত, আর রামিসার ক্ষেত্রে সেই বিচার বিলম্ব ছাড়াই নিশ্চিত করতে হবে। রামিসার ন্যায়বিচারের দাবিতে আমরা যখন একসাথে দাঁড়িয়েছি, তখন আমাদের জোরালোভাবে এটাও বলতে হবে– এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আমরা আর কখনো এমন মর্মান্তিক ঘটনার সাক্ষী হতে চাই না। রামিসার জন্য ন্যায়বিচার চাই।’

রামিসার জন্য দ্রুত বিচার দাবি করে মিরাজ লিখেছেন, ‘মিরপুরের পল্লবীতে নির্মমতার শিকার আট বছরের শিশু রামিসা ও এই ধরণের অন্যান্য সব ঘটনায় দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ধর্ষণ, নিপীড়ন ও সব ধরনের সহিংসতার বিরুদ্ধে আমাদের সবাইকে আরও সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, সম্মান ও মানবিক পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।’

মুশফিক লিখেছেন, ‘খবরটি শুনে আমি সম্পূর্ণভাবে স্তব্ধ ও মর্মাহত। ছোট্ট রামিসার নিরাপত্তা, ভালোবাসা ও সুরক্ষা প্রাপ্য ছিল; এমন ভয়াবহ নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুর জন্য দ্রুত ও সঠিক বিচার দাবি করছি। কোনো পরিবার যেন কখনো এমন অসহনীয় কষ্টের মধ্য দিয়ে না যায়। শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।’

তামিম ইকবাল কিছু লেখেননি। শুধু রামিসার একটি স্কেচ ছবি পোস্ট করেছেন, যে ছবির ওপরে ইংরেজিতে লেখা, ‘জাস্টিস ফর রামিসা।’

/জেএইচ/