ডারবান টেস্ট: প্রথম দিনে ‘বুড়োদের’ অস্ট্রেলিয়া করেছে ১৮৭ রান

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ডারবান টেস্ট: প্রথম দিনে ‘বুড়োদের’ অস্ট্রেলিয়া করেছে ১৮৭ রান
একপ্রান্ত আগলে রেখেছেন প্যাট কামিন্স

আলোকস্বল্পতায় ডারবান টেস্টে শুক্রবার (৯ অক্টোবর) প্রথম দিনের খেলা শেষ হয়েছে আগেভাগে। ৬৫.২ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ১৮৭ রান করেছে অস্ট্রেলিয়া। ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট খেলছে অস্ট্রেলিয়া। ওই ঘটনায় এক বছরের নিষেধাজ্ঞা পাওয়া স্টিভেন স্মিথও আছেন এবারের সফরের দলে।

ডারবান টেস্টে অস্ট্রেলিয়ার একাদশে থাকা সব ক্রিকেটারেরই বয়স ৩০-এর বেশি। প্যাট কামিন্সের দলের গড় বয়স ৩৪.৫৯ বছর। ক্রিকেট পরিসংখ্যানবিদ রিন ফিনলের দাবি, এটি টেস্টে প্রবীণতম প্রথম একাদশের তালিকায় সপ্তম স্থানে। গত ১০০ বছর এতো বেশি বয়স থাকা ক্রিকেটারেরা কোনও দলের প্রথম একাদশে খেলেননি।

দলীয় ২৪ রানের মধ্যে দুই ওপেনারের বিদায়ে শুরুতে চাপে পড়ে অস্ট্রেলিয়া। ম্যাডিনসন ৩৩ বল খেলে শূন্য রানে ফেরেন। প্রায় ১০ বছর পর অস্ট্রেলিয়া দলে ফেরা ম্যাডিনসন একাদশ ওভারে মার্কো ইয়ানসেনের করা অফ স্টাম্পের অনেক বাইরের বল খেলে বোল্ড হন।

অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে শূন্য রানে আউট হওয়ার আগে এতো বেশি বল খেলার নজির নেই আর কোনো ওপেনারের। সব দেশ মিলিয়ে এই তালিকায় ম্যাডিনসন আছেন তৃতীয় স্থানে। আর একবিংশ শতাব্দীর ওপেনারদের মধ্যে সবার উপরে তিনি।

আরেক ওপেনার ট্রাভিস হেড করেন ৯ রান। তৃতীয় উইকেটে স্টিভেন স্মিথ ও মার্নাস লাবুশেনের জুটিতে সেই ধাক্কা সামলায় অজিরা। লাবুশেন ৩৭ রান করে ফিরলে ভাঙে ৬০ রানের জুটি। স্মিথও আউট হন দুই বল পরই। ২৫ রান করার পথে স্মিথ টেস্ট রানে স্টিভ ওয়াহকে পেছনে ফেলেন। স্মিথ এখন টেস্টে অস্ট্রেলিয়ার তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

অ্যালেক্স ক্যারি ও ওয়েনস্টারও বেশি দূর এগোতে পারেননি। ক্যারি ১৪ আর ওয়েবস্টার ৪ রান করেন। খেলা বন্ধ হওয়ার আগে জুটি গড়েছেন ম্যাট রেনশো ও প্যাট কামিন্স। রেনশো ৪৬ ও কামিন্স ৩৩ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন।

২টি করে উইকেট নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ৩ বোলার। তারা হলেন- মার্কো ইয়ানসেন, উইয়ান মুলডার ও আনরিখ নরকিয়া।

/টিই/