শিরোনাম

আইসিসি মাসসেরার দৌড়ে নাহিদ রানা

নিজস্ব প্রতিবেদক
আইসিসি মাসসেরার দৌড়ে নাহিদ রানা
নাহিদ রানা। ছবি: সংগৃহীত

বাইশ গজে বল হাতে গতির ঝড় তুলছেন বাংলাদেশের নাহিদ রানা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে আগুন ঝড়িয়ে এবার আইসিসির মাসসেরার মনোনয়ন পেলেন তিনি। শুক্রবার (৮ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এপ্রিল মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি।

তালিকায় সংযুক্ত আরব আমিরাত ও ওমানের ক্রিকেটারের সঙ্গে মাস সেরার দৌড়ে আছেন বাংলাদেশি নাহিদ রানা।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করেন নাহিদ। তিন ম্যাচের সিরিজে শিকার করেছেন ৮ উইকেট। গড় ছিল ১৬.৭৫, আর ইকোনমি রেট ৪.৪৬। মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান।

নাহিদের দারুণ পারফরম্যান্সে ২-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিকরা। সিরিজসেরার পুরস্কারও জেতেন নাহিদ।

নাহিদের সঙ্গে মনোনয়নের তালিকায় আছেন ওমানের জাতিন্দর সিং এবং সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার। ওমান ক্রিকেট দলের অধিনায়ক ও ওপেনার জাতিন্দর আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২ তে পাঁচ ওয়ানডেতে করেছেন ২৬৬ রান।

আর সংযুক্ত আরব আমিরাতের অজয় কুমার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই নজর কেড়েছেন। প্রথম দুই ওয়ানডেতেই তিনি নিয়েছেন ৯ উইকেট।

/টিই/