৩ বার শয়তানকে দেখার দাবি পোপ ফ্রান্সিসের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৩ বার শয়তানকে দেখার দাবি পোপ ফ্রান্সিসের
পোপ ফ্রান্সিস

প্রয়াত পোপ ফ্রান্সিসের ব্যক্তিগত ডায়েরিতে নতুন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যেখানে তিনি দাবি করেছেন যে তার জীবনে তিনি তিনবার শয়তানকে এবং একবার ‘নরকের দরজা’ দেখেছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রকাশিত ডায়েরির ২০২১ সালের একটি লেখায় এ অভিজ্ঞতার কথা উল্লেখ করা হয়েছে। ফ্রান্সিস লিখেছেন তিনি শয়তানকে তিনবার দেখেছেন- একবার একটি গাড়ির ভেতর থেকে, একবার প্রার্থনাসভার সময় গায়কদলের মঞ্চে এবং তৃতীয়বার ভ্যাটিকানের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকের সময়।

সে অভিজ্ঞতার কথা মনে করে ফ্রান্সিস লিখেছিলেন, আমি তার কণ্ঠের সে বলিষ্ঠ কর্কশতা ভুলতে পারি না। শয়তানের চোখের কথাও তিনি ভুলতে পারেননি বলে ডায়েরিতে জানিয়েছেন, তার কাছে ‘ভয়ঙ্কর’ মনে হয়েছিল। বুয়েনস আইরেসের আর্চবিশপ থাকার সময় একটি কারমেলাইট চ্যাপেলে ঘটা দ্বিতীয় অভিজ্ঞতা নিয়ে তিনি লেখেন, তিনি জ্বলন্ত চোখে আমার দিকে তাকালেন আগেরটির চেয়েও বেশি তীব্র। সেগুলো ছিল আগুনের ঝলকের মতো।

ফ্রান্সিসের ভাষ্য অনুযায়ী, তার বিভিন্ন সফরেও শয়তানের উপস্থিতি বাধা তৈরি করেছিল। এর মধ্যে ২০১৮ সালের চিলি সফর এবং রোমে ফেরার কয়েকদিন পরের একটি বৈঠকের কথাও রয়েছে। সে সময়কার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি লিখেছেন, আমি তাকে দেখলাম ও তার কণ্ঠস্বর শুনলাম, বিজয়ী, সর্বশক্তিমান। পাশাপাশি তিনি যোগ করেছেন, প্রভু আমাকে এ সাক্ষাৎগুলো থেকে নিজেকে মুক্ত করার সুযোগ দিয়েছিলেন।

এছাড়া ২০১৮ সালের জুন মাসে রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি ‘নরকের দরজা’ দেখেছিলেন বলেও ডায়েরিতে উল্লেখ করেছেন। সেই মুহূর্তের কথা তুলে ধরে তিনি বলেন, আমি কিছুক্ষণ দেখলাম, আর তাতে আমি আতঙ্কিত হয়ে পড়লাম। তার মতে, নরকের দরজার কাছে যাওয়া বিপজ্জনক।

১৯৯২ থেকে ২০২৪ সাল পর্যন্ত লেখা এ ডায়েরিতে ২০১৮ সালের চিলি সফর নিয়ে নিজের অনুশোচনার কথাও প্রকাশ করেছেন ফ্রান্সিস। তখন এক যাজকের বিরুদ্ধে ওঠা যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগে অভিযুক্ত এক বিশপের পক্ষ নেওয়ায় তিনি তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। পরে তিনি ক্ষমা চান এবং চিলির বিশপদের রোমে ডেকে পাঠান, যেখানে তারা সবাই পদত্যাগের প্রস্তাব দেন। ২০২১ সালের এক লেখায় ফ্রান্সিস স্বীকার করেন, চিলির পরিস্থিতির কারণে আমি বিধ্বস্ত। তিনি আরও লেখেন যে চিলির ঘটনা মেনে নেওয়া তার কাছে কঠিন ছিল এবং বিষয়টি যে এতটা গুরুতর, তা তিনি শুরুতে ভাবতে পারেননি।

১৯৬০-এর দশকের পর কোনো পোপের ব্যক্তিগত ডায়েরি এ প্রথম জনসমক্ষে এল। ডায়েরিগুলো সম্পাদনা করেছেন ফ্রান্সিসের ঘনিষ্ঠ বন্ধু ও ভ্যাটিকানের ধর্মমত বিষয়ক ডিক্যাস্টেরির প্রধান কার্ডিনাল ভিক্টর ফার্নান্দেজ। ২০১৩ সালে পোপ নির্বাচিত হওয়া ফ্রান্সিস টানা ১২ বছর ক্যাথলিক চার্চের নেতৃত্ব দেওয়ার পর ২০২৫ সালের এপ্রিল মাসে ৮৮ বছর বয়সে মারা যান।

সূত্র: বিবিসি

/এমএকে/