শিরোনাম

পিএসএল শিরোপা জিতলো নাহিদ রানার দল

সিটিজেন স্পোর্টস ডেস্ক
পিএসএল শিরোপা জিতলো নাহিদ রানার দল
২২ রান দিয়ে ২ উইকেট নেন নাহিদ রানা। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর শিরোপা জিতেছে নাহিদ রানার দল পেশোয়ার জালমি। রবিবার (৩ মে) লাহোরে ফাইনালে পেশোয়ার ৫ উইকেটে হারিয়েছে হায়দ্রাবাদ কিংসম্যানকে। টস হেরে আগে ব্যাট করে হায়দ্রাবাদ ১৮ ওভারে ১২৯ রানে অলআউট হয়। নাহিদ রানা দারুণ বোলিং করে ২২ রানে নেন ২ উইকেট।

জবাব দিতে নেমে পেশোয়ার ম্যাচ জেতে ২৮ বল হাতে রেখে। দ্বিতীয়বারের মতো পিএসএল শিরোপা জিতলো পেশোয়ার জালমি। এর আগে তারা শিরোপা জিতেছিল ২০১৭ সালে।

শুধু পিএসএল ফাইনালে খেলানোর জন্য নাহিদ রানাকে ঢাকা থেকে উড়িয়ে নিয়ে যায় পেশোয়ার জালমি। দলটির হয়ে ৪ ম্যাচ খেলে তিনি দেশে ফিরেছিলেন নিউজিল্যান্ড সিরিজের জন্য। সিরিজ শেষে তার আর পিএসএলে যাওয়ার কথা ছিল না। পেশোয়ারের অনুরোধে বিসিবি অবস্থান বদলায়।

নাহিদকে ফাইনাল খেলতে ঢাকা থেকে উড়িয়ে লাহোরে নিয়ে লাভই হয়েছে পেশোয়ারের। ফাইনালে পেশোয়ারের সবচেয়ে কিপটে বোলার নাহিদ রানাই। ৪ ওভারে দেন ২২ রান। অর্থাৎ ওভার প্রতি ৫.৫০ ইকোনোমি। হায়দ্রাবাদ কিংসম্যানকে অল্পতে আটকে রাখতে ভূমিকা রাখেন অ্যারন হার্ডিও। তিনি ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। কিংসম্যান লড়াইয়ের পুঁজি পায় সাইম আইয়ুবের ৫৪ রানে ভর করে।

জবাব দিতে নেমে শুরুতে চাপে পড়েছিল পেশোয়ার। দলীয় ৭ রানে ২ উইকেট হারায় তারা। পাওয়ার প্লের মধ্যেই ৪০ রানে হারায় ৪ উইকেট। তবে পঞ্চম উইকেট জুটিতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন অ্যারন হার্ডি ও আব্দুল সামাদ।

জুটিতে ওঠে ৮৫ রান। জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতে সামাদ আউট হলে জুটি ভাঙে। সামাদ ৩৪ বলে ৪৮ রান করেন। তার ইনিংসে ছিল ৩ চার ও ৪ ছক্কা।

হার্ডি ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ৯ চার। বল ও ব্যাটে দারুণ ইনিংসে ম্যাচসেরাও হয়েছেন হার্ডি।

/টিই/