শিরোনাম

‘ভারতকে ভয় পায় না নিউজিল্যান্ড’

সিটিজেন স্পোর্টস ডেস্ক
‘ভারতকে ভয় পায় না নিউজিল্যান্ড’
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব ও নিউজিল্যান্ডের অধিনায়ক মিচেল স্যান্টনার (ডানে)। ছবি: সংগৃহীত

ঘরের মাঠে ভারতকে হারানো কঠিন কাজগুলোর একটি। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে হলে সেই চ্যালেঞ্জ উতরাতে হবে নিউজিল্যান্ডকে। রবিবার (৮ মার্চ) ফাইনালে স্বাগতিকদের পরিষ্কার ফেভারিট মনে করা হলেও ব্র্যাড হাডিন বাজি ধরছেন কিউইদের পক্ষে।

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই সংস্করণে কোনো সিরিজ হারেনি ভারত। সব মিলিয়ে ভারতের মাটিতে তাদের বিপক্ষে ১৬ টি-টোয়েন্টি খেলে কিউইদের জয় পাঁচটিতে। ভারতে টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলেও সাম্প্রতিক সময়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি আছে নিউজিল্যান্ডের।

ফাইনালে ‘ব্লাকক্যাপসদের’ পক্ষে হাডিনের বাজির ঘোড়া ফিন অ্যালেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে তিনি উপহার দিয়েছেন বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরি।

উইলো টক ক্রিকেট পডকাস্টে আলাপকালে হাডিন বলেন, ‘সে (ফিন অ্যালেন) যদি ফাইনালে ছন্দ খুঁজে পায়, তাহলে সে এমন একজন যে ঘরের মাঠে ভারতের আনন্দ মাটি করে দিতে পারে। আমি যদি ভারত দলের হতাম, তাহলে ফাইনালে একটা দলের বিপক্ষেই খেলতে চাইতাম না, সেটা হলো নিউজিল্যান্ড। ভারতের মাটিতে ভারতকে ভয় পায় না নিউজিল্যান্ড। এখানে তারা ভারতকে টেস্ট সিরিজে হারিয়েছে। যদি তারা ওই মানসিকতা নিয়ে মাঠে নামে এবং ফিন অ্যালেন স্বাধীনভাবে ব্যাট করতে পারে, যেমনটা সে করে, তাহলে ভারতকে বড় চাপে ফেলতে পারবে। আমি নিউজিল্যান্ডকেই এগিয়ে রাখছি।’

মিচেল স্যান্টনারের জয় দেখতে চান আরেক অস্ট্রেলিয়ান ন্যাথান লায়নও।

নিউজিল্যান্ড এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে, ২০২১ আসরে তারা হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে। এবার কি পারবে অধরা বিশ্বকাপ ছুঁতে।

/টিই/