মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবুও হারলো বাংলাদেশ

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মাহমুদউল্লাহর ৮ ছক্কা, তবুও হারলো বাংলাদেশ
৩৫ বলে অপরাজিত ৭৩ রান করেন মাহমুদউল্লাহ

ওয়ার্ল্ড চ্যাম্পিয়শিপ অব লিজেন্ডস ক্রিকেট টুর্নামেন্টে মাহমুদউল্লাহ রিয়াদের ঝড় ইনিংসের পরও বাংলাদেশ চ্যাম্পিয়নসকে ৩৭ রানে হারালো অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস। অজিদের তোলা ২০৩ রানের জবাবে বাংলাদেশের ইনিংস থামে ১৬৬ রানে।

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ৩৮ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার, তাকে আউট করেন রুবেল হোসেন। এছাড়া ৩৬ বলে ৬৩ রানের ইনিংস খেলে আউট হন ফার্গুসন।

বাংলাদেশের হয়ে ৩ উইকেট শিকার করেছেন আবু জায়েদ চৌধুরী রাহি। ২ উইকেট নেন জিয়াউর রহমান।

রান তাড়ায় দুই ওপেনার ইমরুল কায়েস এবং রনি তালুকদার ওপেনিং জুটিতে তুলেছেন ৩০ রান। ৬ বলে ৯ রান করে রনি বিদায় নিলেও ইমরুল টিকে ছিলেন। ইমরুল যখন ৩০ রান করে আউট হন দলের রান ৭১।

এরপর যেন ধস নামে বাংলাদেশের ইনিংসে। এক প্রান্ত আগলে রেখে খেলে গেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে বাকিরা সেভাবে সুবিধা করতে পারেননি। শেষ দিকে ঝোড়ো ব্যাটিং করেন মাহমুদউল্লাহ। মাত্র ২৬ বলে ছুঁয়ে ফেলেন ফিফটি। শেষ পর্যন্ত রিয়াদ টিকে ছিলেন ৩৫ বলে ৭৩ রানে, ২ চারের সঙ্গে হাঁকিয়েছেন ৮ ছক্কা।

রান রেটের সঙ্গে তাল মিলিয়ে স্কোরবোর্ড সচল রাখতে না পারায় হেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়নস।

/টিই/