শিরোনাম

প্রায় ৩ কোটি টাকায় লাহোর কালান্দার্সে মোস্তাফিজ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
প্রায় ৩ কোটি টাকায় লাহোর কালান্দার্সে মোস্তাফিজ
বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তিতে (ডিরেক্ট সাইনিং) মোস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। কাটার মাস্টারকে দলে নিতে তাদের ব্যয় হয়েছে ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৮১ লাখ টাকার বেশি।

পিএসএলে আগের দুই মৌসুমেও লাহোরের হয়ে খেলছিলেন বাংলাদেশি এই পেসার। মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর। এক বিবৃতিতে লাহোর জানিয়েছে, আমাদের বাংলাদেশি ভাই, মোস্তাফিজুর রহমান যাকে ২০১৬ এবং ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এখন আমাদের সঙ্গে সরাসরি চুক্তিবদ্ধ। অবশেষে পরিবারের মাঝে আবারও ফিরে এসেছেন।

পিএসএলে ২০১৮ আসরে কালান্দার্সের জার্সিতে ৫ ম্যাচে ৬.৪৩ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়েছিলেন ফিজ। পিএসএলে এবার নিলাম হবে। আগের ১০ বার ড্রাফট পদ্ধতিতে খেলোয়াড় কেনা হয়েছিল। তবে মোস্তাফিজকে নিলাম পর্যন্ত যেতে দেয়নি লাহোর।

আগামী ১১ ফেব্রুয়ারি নিলাম থেকে খেলোয়াড় কিনবে দলগুলো। গত আসরের দলগুলোর সঙ্গে এবার ২টি বেড়ে মোট ৮টি ফ্র্যাঞ্চাইজি পিএসএলে লড়বে।

মোস্তাফিজের এ বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে খেলার কথা ছিল। গেল ডিসেম্বরে অনুষ্ঠিত নিলাম থেকে কলকাতা তাকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল। তবে ভারতের সাম্প্রদায়িক উগ্রবাদীদের হুমকির মুখে গত ৩ জানুয়ারি ভারতীয় ক্রিকেট বোর্ড মোস্তাফিজকে আইপিএল থেকে অব্যাহতি দেয়।

এর জেরে বাংলাদেশ সরকার নিরাপত্তাশঙ্কায় ভারতে বিশ্বকাপের দল পাঠাতে অস্বীকৃতি জানায়। ভেন্যু স্থানান্তরের অনুরোধ করলে আইসিসি তা প্রত্যাখ্যান করে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়।

/টিই/