ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতায় ২ হাজারের বেশি গ্রেপ্তার

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সহিংসতায় ২ হাজারের বেশি গ্রেপ্তার
ফ্রান্সজুড়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে

ফ্রান্সজুড়ে চলা তীব্র প্রতিবাদ ও সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত দুই হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৮ অক্টোবর) দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে এ তথ্য জানান ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নুনেজ জানান, বেশ কয়েকটি শহরে শনিবার (১৭ অক্টোবর) গভীর রাত পর্যন্ত বিক্ষোভ ও সহিংসতা চলেছে। তিনি বলেন, এসব সহিংস কর্মকাণ্ডে যারা জড়িত, তাদের প্রতিটি অপরাধীকে শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

প্রাথমিক পরিসংখ্যানের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি পুলিশ সদস্য ও দমকলকর্মী আহত হয়েছেন। এছাড়া সহিংসতার কারণে ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, যার প্রভাব পড়েছে কয়েকশ ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। সরকারি ভবন, থানা ও ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক হামলা ও ভাঙচুরের খবর পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ে নুনেজ মন্তব্য করেন, বিক্ষোভ করা একটি মৌলিক অধিকার। কিন্তু সমন্বিত সহিংসতার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি করা তা নয়।

উল্লেখ্য, শনিবার ফ্রান্সজুড়ে প্রায় সাড়ে ৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে অনেক স্থানে তা ভয়াবহ সহিংসতায় রূপ নেয়।

সূত্র: সিনহুয়া

/এমএকে/