শিরোনাম

শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান তবু সেমিতে নিউজিল্যান্ড

সিটিজেন স্পোর্টস ডেস্ক
শ্রীলঙ্কাকে হারালো পাকিস্তান তবু সেমিতে নিউজিল্যান্ড
ম্যাচ শেষে হ্যান্ডশেক করছেন শানাকা ও শাহিন। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইট পর্বে গ্রুপ-২ থেকে সেমিফাইনাল নিশ্চিত করতে পাকিস্তানকে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে হতো অন্তত্য ৬৫ রানে। সেটি অবশ্য করতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত রোমাঞ্চকর ম্যাচটি তারা জিতেছে ৫ রানে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) ম্যাচটি পাকিস্তান জিতলেও নেট রানরেটে এগিয়ে থেকে গ্রুপ-২ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। এই গ্রুপে সেরা হয়ে সেমিফাইনালে যাওয়া আরেক দল ইংল্যান্ড।

পাকিস্তান আগে ব্যাট করে তোলে ৮ উইকেটে ২১২ রান। তাই লঙ্কানদের ১৪৭ রানে আটকে রাখতে হতো সালমান আগার দলকে। তবে সেটি পারেনি তারা।

ম্যাচ জিততে শেষ ওভারে শ্রীলঙ্কার দরকার ছিল ২৮ রান। বোলিং করতে আসেন শাহিন শাহ আফ্রিদি, স্ট্রাইকে দাসুন শানাকা। প্রথম বলে চার, এরপর টানা তিন বলে ছক্কায় ৪ বলেই ২২ রান তুলে ফেলেন শানাকা। তবে শেষ দুই বলে যখন ৬ রান দরকার, সেই সমীকরণ আর মেলাতে পারেননি শ্রীলঙ্কার অধিনায়ক।

শাহিন দুটি ডেলিভারিই ওয়াইড ইয়র্কার করেছিলেন। এর মধ্যে শেষ বলটি ওয়াডের মার্ক ছুঁয়েই উইকেটকিপারের গেছে। আম্পায়ার বৈধ ডেলিভারি হিসেবে গণ্য করার পর শ্রীলঙ্কার কোচ সনাৎ জয়াসুরিয়াকে হতাশা প্রকাশ করতে দেখা গেছে। হতাশ ছিলেন শানাকাও।

শানাকা ৩১ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল ২ চার ও ৮ ছক্কা।

তার আগে পাল্লেকেলেতে পাকিস্তান বড় পুঁজি পায় দুই ওপেনারের উপর ভর করে। সাহিবজাদা ফারহান ও ফখর জামান উদ্বোধনী জুটিতেই তোলেন ১৭৬ রান। ফখর জামান ৪২ বলে ৮৪ রান করে আউট হলে জুটি ভাঙে।

তবে ৬০ বলে ১০০ রান করে শেষ ওভারে আউট হন ফারহান। তার ইনিংসে ছিল ৯ চার ও ৫ ছক্কা। দুই ওপেনারের বিদায়ের পর পাকিস্তানের আর কেউ দুই অঙ্কের ঘরে রান তুলতে পারেননি।

/টিই/