শিরোনাম

ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে রইলো পাকিস্তান

সিটিজেন স্পোর্টস ডেস্ক
ইংল্যান্ডের জয়ে বিশ্বকাপে টিকে রইলো পাকিস্তান
অপরাজিত ৩২ রান ও ২ উইকেট নিয়ে ম্যাচসেরা হন উইল জ্যাকস। ছবি: ক্রিকইনফো

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে কলম্বোতে শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড আগে ব্যাট করে তোলে ৭ উইকেটে ১৫৯ রান। একটা সময় মনে হচ্ছিলো এই সমীকরণ আর মেলাতে পারবে না ইংলিশরা। দলীয় ১১৭ রান তুলতেই ৬ উইকেট হারিয়েছিল ইংল্যান্ড। তবে শেষ পর্যন্ত ৪ উইকেট আর ৩ বল হাতে রেখে জয় পায় ইংল্যান্ড।

ইংল্যান্ডের এই জয়ে জমে উঠেছে গ্রুপের লড়াই। পাকিস্তান শ্রীলঙ্কার ম্যাচটাই এখন ঠিক করে দেবে, ইংল্যান্ডের পর গ্রুপ ২ থেকে শেষ চারে যাবে নিউজিল্যান্ড নাকি পাকিস্তান।

সুপার এইট পর্বে এই গ্রুপের আর একটি ম্যাচ বাকি। শেষ ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। বিশ্বকাপ থেকে আগেই ছিটকে যাওয়ায় এই ম্যাচটি শ্রীলঙ্কার জন্য নিতান্তই নিয়মরক্ষার। তবে ম্যাচটি পাকিস্তানের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন শ্রীলঙ্কাকে হারালে সর্বোচ্চ ৩ পয়েন্ট অর্জন করতে পারবে পাকিস্তান। এমতাবস্থায় নিউজিল্যান্ডকে টপকাতে না পারলেও দুদলের পয়েন্ট হবে সমান। সেমিতে উঠতে হলে নেট রানরেটে এগিয়ে থাকতে হবে পাকিস্তানকে।

লক্ষ্য তাড়া করতে নেমে ফিল সল্ট (২) ও জস বাটলার (০) দ্রুত আউট হন। হ্যারি ব্রুক আউট হন ব্যক্তিগত ২৬ রানে। নবম ওভারে দলীয় ৫৮ রানে ৪ উইকেট হারায় ইংল্যান্ড। এই পরিস্থিতি থেকে ইংলিশদের আশা দেখাচ্ছিলেন জেকব বেথেল আর স্যাম কারান। তবে দলীয় ১০০ রানে কারান (২৪) আর ১১৭ রানে বেথেল (৩৩) ফিরলে ইংল্যান্ড চলে যায় আরও ব্যাকফুটে।

সেখান থেকে উইল জ্যাকস ও রেহান আহমেদ দলকে টেনে তোলেন। তারা সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৪ রানের জুটি গড়েন। জ্যাকস করেন ৩২ রান। রেহান করেন ১৯ রান। এই জুটিতেই জয় পায় ইংল্যান্ড।

তার আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হতো কিউইদের। এমন ম্যাচে নিউজিল্যান্ড লড়াইয়ের পুঁজি পায় টিম সেইফার্ট (৩৫), ফিন অ্যালেন (২৯) ও গ্লেন ফিলিপসের (৩৯) ব্যাটে ভর করে।

২টি করে উইকেট নেন আদিল রশিদ, উইল জ্যাকস, রেহান আমহেদ।

/টিই/