শিরোনাম

ক্রিকেটার নাঈমের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জামায়াতের

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
ক্রিকেটার নাঈমের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জামায়াতের
ক্রিকেটার নাঈম হাসান।

ক্রিকেটার নাঈম হাসানের ওপর পুলিশি নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রবিবার (১৪ জুন) দলটির কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের প্রদত্ত এক বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর চট্টগ্রামের লালখান বাজার এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যদের বর্বর শারীরিক নির্যাতন, হেনস্তা এবং থানায় নিয়ে গিয়ে দুর্ব্যবহারের ন্যক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলে চট্টগ্রামে নিজ বাড়ি ফেরার পথে একজন জাতীয় স্তরের ক্রিকেটারকে গাড়ি থেকে নামিয়ে পাইপ দিয়ে পেটানো এবং গলা চেপে ধরার মতো অমানবিক ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। নাঈম হাসান নিজের পরিচয় দেওয়ার পরেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এমন মারমুখী ও বৈরী আচরণ প্রমাণ করে যে, সাধারণ নাগরিকদের জানমালের নিরাপত্তা আজ কতটা হুমকির মুখে।

এডভোকেট জুবায়ের আরও বলেন, একজন ক্রীড়াবিদ, যিনি দেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্ব করেন, তার সঙ্গেই যদি প্রকাশ্য রাস্তায় এমন বর্বর আচরণ করা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কেবল ক্লোজড বা প্রত্যাহার করাই এইধরনের গুরুতর অপরাধের শাস্তি হতে পারে না।

তিনি অনতিবিলম্বে এ ন্যক্কারজনক ঘটনার একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত এবং ক্রিকেটার নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতনে জড়িত প্রতিটি পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি প্রচলিত আইনে কঠোর শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। এছাড়া এডভোকেট জুবায়ের নাঈম হাসান ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দেশের সকল ক্রীড়াবিদ ও যুবসমাজের উপযুক্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি ।

/এমএকে/