শিরোনাম

বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার আশা ক্যারির

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট খেলার আশা ক্যারির
অ্যালেক্স ক্যারি

অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজ শেষ হয়েছে ১-১ ব্যবধানে ড্রয়ে। ম্যাকাই টেস্ট দুই দিনে শেষ হলেও আজ সোমবার (২৪ আগস্ট) তৃতীয় দিনে সংবাদ সম্মেলনে এসে কথা বলেছেন অস্ট্রেলিয়ার উইকেটকিপার ব্যাটার অ্যালেক্স ক্যারি।

সংবাদ সম্মেলনে ক্যারি বলেন, ‘ওয়ানডে সিরিজে তাকে আমরা দেখেছিলাম। সে (শরিফুল) ঢাকায় ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ৬ উইকেট নিয়েছিল। এখানে এসেও একই কাজটা করেছে। সে দারুণ বোলিং করেছে। বাংলাদেশের সব পেসারই এই সিরিজে অনেক ভালো বল করেছে। শরিফুল নিজের বোলিংয়ের পুরস্কারটা পেয়েছে প্রথম দিনেই। সিরিজজুড়ে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে।’

ডারউইন টেস্টের বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানো নিয়ে ক্যারি বলেন, ‘আমার পয়েন্ট অব ভিউ হচ্ছে, আমরা প্রথম টেস্টে সব দিকেই আউটপ্লেড হয়েছিলাম। এখানে বাউন্স ব্যাক করেছি এবং কাজটা ভালোভাবে শেষ করেছি।’

অ্যালেক্স ক্যারি আরও বলেছেন, ‘আগস্ট মাসে অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ খেলা দারুণ। আগে হয়তো এমন সময়ে বিদেশে খেলা হতো। এবার দেশে খেলেছি। দারুণ কিছু ভেন্যু, ডারউইন দারুণ স্টেডিয়াম ছিল। এখানের পিচও বেশ ভালো ছিল।’

শেষ দিকে বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন ক্যারি। বাংলাদেশের বিপক্ষে আরও খেলার আশাও করেন তিনি। ক্যারি বলেন, ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ ছিল। সবার মাঝে ভালো স্পিরিট ছিল। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেট মিলিয়ে ভালো লড়াই হয়েছে বাংলাদেশের বিপক্ষে। আশা করছি সামনে বাংলাদেশের বিপক্ষে আরও টেস্ট ম্যাচ খেলা হবে। আমরা তাদের বিরুদ্ধে আরও বেশি সিরিজ খেলতে পছন্দ করবো।’

/টিই/