শিরোনাম

লিটন-স্মিথের মধ্যে যে কথা হয়েছিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
লিটন-স্মিথের মধ্যে যে কথা হয়েছিল
স্মিথ ও লিটন দাসের মধ্যে কথার লড়াই হয়

ডারউইন টেস্টের তৃতীয় দিনে স্টিভেন স্মিথ ও লিটন দাসের মধ্যে কথার লড়াই হয়। ফক্স ক্রিকেটের স্টাম্প মাইক্রোফোনে ধরা পড়ে সেই লড়াইয়ের কথা। ম্যাচের চতুর্থ দিনে বাংলাদেশ ৯ উইকেটে জেতে।

স্মিথ-লিটনের ঘটনাটায় একবার চোখ ফেরানো যাক। তখন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে দলকে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা করছিলেন স্মিথ। তাইজুল ইসলামের একটি বল স্মিথের লেগ সাইড দিয়ে জমা পড়ে উইকেটকিপার লিটনের গ্লাভসে। আউটের আবেদন করেন লিটন। কিন্তু আম্পায়ার আউট দেননি।

বাংলাদেশ তখন রিভিউ নেবে কি না, তা নিয়ে দোটানায়। সে মুহূর্তে স্মিথকে বলতে শোনা যায়, ‘নিয়ে নাও। যাও, রিভিউ নাও। ব্যবহার করো। আরেকটা রিভিউ নষ্ট করো। যা খুশি করো।’ বাংলাদেশ শেষ পর্যন্ত রিভিউ না নেওয়ার সিদ্ধান্ত নেয়। উইকেটের পেছনে থাকা লিটন তখন স্মিথকে বলেন, ‘তুমি ব্যাট করো। শুধু ব্যাট করো।’

স্মিথের পাল্টা জবাব, ‘আমি ব্যাট করছি।’ লিটন আবারও বলেন, ‘শুধু ব্যাট করো।’ এবার স্মিথ কিছুটা জোরের সঙ্গেই জবাব দেন, ‘না, আমি যা চাই তাই করবো, আমি যা চাই তা করতে পারি।’

কিন্তু স্মিথ ব্যক্তিগত ৪৪ রানে মেহেদী হাসান মিরাজের বলে আউট হয়ে যান। তবে কথার সেই লড়াই বলে দেয়, ডারউইনে অস্ট্রেলিয়ার ঘরের মাটিতে টেস্ট জয়ে বাংলাদেশ দল কতটা আত্মবিশ্বাসী ছিল।

/টিই/