জিততে হলে ৫০ ওভার ব্যাটিং করতে হবে: শান্ত

সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক
জিততে হলে ৫০ ওভার ব্যাটিং করতে হবে: শান্ত
নাজমুল হোসেন শান্ত। ফাইল ছবি

টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দুই ম্যাচেই বড় জয় পেয়েছে প্রোটিয়ারা। টেস্ট হারের ক্ষত ভুলে এবার ওয়ানডেতে নতুন শুরুর অপেক্ষায় লিটন দাসের দল।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ শুরুর আগে বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ ৫০ ওভার ব্যাটিং করার সামর্থ্য। পরিসংখ্যানও উদ্বেগের কথাই বলছে।

বাংলাদেশ দল শেষ পাঁচ ওয়ানডের চারটিতেই অলআউট হয়েছে। আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৪১.২ ওভারে ১৬০ রানে অলআউট হয়। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৩.৪ ওভারে ১৭২ রানেই শেষ হয়েছিল বাংলাদেশের ইনিংস। একই দলের বিপক্ষে সিরিজের আরেক ম্যাচে ৪৮.১ ওভারে ২৩৪ রান করে। আরেক ম্যাচে ৩৩.১ ওভার ব্যাটিং করে ১১৬ রানেই অলআউট হয় বাংলাদেশ।

এই পাঁচ ম্যাচের মধ্যে কেবল একটিতেই পুরো ইনিংস খেলার আগে জয় নিশ্চিত করে দল। রান তাড়া করতে নেমে ৩৬ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় পায় বাংলাদেশ।

৫০ ওভার ব্যাটিং করতে না পারার বিষয়টি দলের আলোচনায় আছে। এ প্রসঙ্গে নাজমুল হোসেন শান্ত বলেন, ‘৫০ ওভার ব্যাটিং করতে না পারার যে বিষয়টি বললেন, এটা নিয়ে অবশ্যই আমাদের আলোচনা হয়। তবে ভালো খেলতে চাইলে, জিততে চাইলে ৫০ ওভার ব্যাটিং করতে হবে।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে গুরুত্ব পাবে ব্যাটিংয়ের ধারাবাহিকতা। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া। ফলে বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকার মাটিতে এই তিন ম্যাচ বাংলাদেশের জন্য কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ।

১ ডিসেম্বর ইস্ট লন্ডনের বাফেলো পার্কে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ। ৪ ডিসেম্বর গকেবেরহায় দ্বিতীয় ম্যাচ। ৭ ডিসেম্বর কেপটাউনের নিউল্যান্ডসে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

/টিই/